বল হাতে দারুণ শুরুটা ব্যাট হাতেও টেনে নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে আজ এখন পর্যন্ত তৃপ্তির ঢেকুর তোলার মতো সময় কাটছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতেও এরই মধ্যে দলীয় শতক পার করে ফেলেছে বাংলাদেশ। ৪৩ রানে উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান আউট হলেও দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান ও নাজমুল হোসেনের জুটিতে শতরান হয়ে গেছে।
অর্ধশতক হয়ে গেছে দুই ব্যাটসম্যানেরও। ৫১তম ওভারে রাচিন রবীন্দ্রর বলে ছক্কা মেরে অর্ধশতকে পৌঁছেছেন নাজমুল। তার কিছুক্ষণ পর ৫৩তম ওভারে রবীন্দ্রর বলে এক রান নিয়ে দ্বিতীয় টেস্টে গড়ানো ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে পৌঁছেছেন মাহমুদুলও।
এই প্রতিবেদন লেখার সময় ৫৭ ওভারে শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৪৫। মাহমুদুল অপরাজিত ৫৫ রানে, নাজমুলের রান ৬৩।
চা বিরতির পর ট্রেন্ট বোল্টের পায়ের ওপরের বলে ফ্লিক করে চার মেরে শুরু করেন নাজমুল। ছয় ওভার পর সেই বোল্টকেই আবার ফ্লিক করে চার মারেন মাহমুদুল।
উইকেট থেকে এখনো কিছুটা সুইং বের করে নিচ্ছেন বোল্ট, সাউদিরা। সঙ্গে ওয়াগনারের বাউন্স তো আছেই। তবে ক্রমাগত সূর্যের আলো পেতে থাকা উইকেট ব্যাটিংয়ের জন্য ক্রমেই আরো বন্ধুভাবাপন্ন হয়ে উঠছে। নাজমুল-মাহমুদুলরাও সেটির পুরো সুবিধা তুলে নিচ্ছেন নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে।
চা বিরতির পর এখনো সেভাবে পরাস্ত হননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। কখনো ফ্লিকে চার মারছেন, তো কখনো চোখধাঁধানো কাভার ড্রাইভ। ৪০তম ওভারের শেষ বলে সে বোল্টকেই নিখুঁত কাভার ড্রাইভে চার মারলেন নাজমুল।
এর বাইরে দুই ব্যাটসম্যানই সুযোগ পেলে দৌড়ে রান নেওয়ার ওপরও গুরুত্ব দিচ্ছেন। একের জায়গায় দুই নেওয়ার চেষ্টাও চোখে পড়েছে। এখনো ইনিংসে রানরেট ২.৫০ এর আশপাশে, টি-টোয়েন্টির এই যুগে টেস্টে এই রানরেট হয়তো ঠিক মানানসই নয়, তবে ব্যাট হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ অটুটুই আছে।
দারুণ এমন ব্যাটিংয়েই অর্ধশতক পেলেন মাহমুদুল। তাঁর ৫০ রান এসেছে ১৬৭ বলে, ৫ চারে। নাজমুল অপেক্ষাকৃত বেশি আগ্রাসী, ৫৮ রান করেছেন ৯৮ বলে, ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে।
৪৩তম ওভারের প্রথম বলে সাউদির স্টাম্পের বাইরের বলটিতে নাজমুলের কাটেই জুটিতে অর্ধশতক পূর্ণ হয়েছে। নাজমুলের ইনিংসের পঞ্চম চার সেটি। জেমিসনের করা ৪৪তম ওভারের প্রথম বলে নাজমুলের ২ রানেই বাংলাদেশের ইনিংসে ১০০ পার হয়েছে।
তবে দলের ১০০ পার হওয়ার পর দুই ব্যাটসম্যানই একটু যেন এলোমেলো হয়ে গিয়েছিলেন। বেশ কবার বল তাঁদের ব্যাটে লেগে বাতাসে ভেসেছে, ব্যাটের কানায় লেগে স্লিপ ও গালির ফাঁক গলে চার হয়েছে, 'হাফ-চান্স' তৈরি হয়েছে নিউজিল্যান্ডের জন্য। বাংলাদেশ রান করছে অনেক ধীরগতিতে, এই অবস্থায় হঠাত এক-দুটি উইকেটের পতন ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিউজিল্যান্ডের হাতেই তুলে দেবে - এই শঙ্কা তখন দেখা দেয়!
তবে সময়টা সামলে নিয়ে আবার দেখেশুনেই অর্ধশতকে পৌঁছে গেছেন নাজমুল-মাহমুদুল।