আরও একটি বড় সংগ্রহ প্রোটিয়াদের

আরব আমিরাতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহটা অনুমিতই ছিল। ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামের মাঠে সেই প্রত্যাশার প্রতিদান তাঁরা দিয়েছেন দুর্দান্তভাবেই। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের একক ঝলকানিতে নয়, ব্যাটসম্যানদের সম্মিলিত প্রয়াসেই রান-পাহাড়ের চূড়ায় প্রোটিয়ারা। এবি ডি ভিলিয়ার্স সেঞ্চুরি পাননি। আউট হয়েছেন ৯৯ রানে। কিন্তু ফারহান বেহারডিয়েনের ৯০, ডেভিড মিলারের ৪৯ আর রাইলি রুশের ৪৩ রানের সঙ্গে যুক্ত হয়েছিল কয়েকটি ছোট অথচ কার্যকর সংগ্রহ। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৪১।
একদিনের ক্রিকেটে নিজেদের হাজারতম ম্যাচটি খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে লক্ষ্য ছিল বিশ্বকাপে গ্রুপে নিজেদের দ্বিতীয় স্থানটা পাকাপোক্ত করা। সে লক্ষ্যে প্রাথমিক কর্তব্যটা দারুণভাবেই সম্পন্ন দলটির। অথচ এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার শুরুটা কিন্তু মোটেও ভালো বলা যাবে না।
মাত্র ৯৬ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের অন্ধকার চোখের সামনেই দেখছিল দলটি। হাশিম আমলা, কুইন্টন ডি কক আর রাইলি রুশোকে হারিয়ে ধুঁকতে থাকা দলকে আলোর পথে আনে এবি ডি ভিলিয়াস ও ডেভিড মিলার জুটি। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটসম্যানের জুটিতে ১০৮ রান ওঠে ৬.০৫ রান-গড়ে। মিলারের ব্যাট থেকে আসে ৪৯ রান। কিন্তু ডি ভিলিয়ার্স হাত খোলার মুহূর্তেই নিজের উইকেটটি হারান ৯৯ রানে।
মিলারকে ফেরান মোহাম্মদ নাভিদ। এবি ডি ভিলিয়ার্স কামরান শাহজাদের বলে আমজাদ জাভেদকে ক্যাচ দেন। এর আগে হাশিম আমলাকে ফেরান মোহাম্মদ নাভিদ, আমজাদ আলীর ক্যাচ বানিয়ে। কুইন্টন ডি কক বিশ্বকাপে নিজের ব্যর্থতা আজও অক্ষুণ্ন রাখেন। তিনি ২৬ রানে সাজঘরে ফেরেন আমজাদ জাভেদের বলে উইকেটের পেছনে সাকলাইন হায়দারের ক্যাচ হয়ে।
ভিলিয়ার্সের বিদায়ের পর ফারহান বেহারডিয়েনের ক্ষিপ্রগতির ইনিংস দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে নিয়ে যায় বড় জায়গায়। তিনি ৩১ বলে করেন ৫৪ রান। ইনিংসের শেষ ওভারে তিনি আমজাদ জাভেদের নাকের পানি চোখের পানি এক করে তুলে নেন ২৫ রান। বেহারডিয়েনের পাশাপাশি জেপি ডুমিনি ২৩ রান করেন। ১০ রানে অপরাজিত থেকে শেষ অবধি বেহারডিয়েনকে সঙ্গ দেন ভারনন ফিল্যান্ডার।
আমিরাতের পক্ষে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ নাভিদ। তিনি ৬৩ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন আমজাদ জাভেদ, কামরান শাহজাদ ও মোহাম্মদ তৌকির। সূত্র: এএফপি।