১০০ রানেই থেমে গেল মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারজানা হকের ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ রান। ছবি: ফাইল ছবি।
ফারজানা হকের ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ রান। ছবি: ফাইল ছবি।

ব্যাটিংটা সব সময়ই বাংলাদেশের মেয়েদের দুর্বল দিক। ব্যাংককে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটো ম্যাচের পর অধিনায়ক জাহানারা আলম শঙ্কা প্রকাশ করেছিলেন এই ব্যাটিং নিয়েই। সেই ব্যাটিংই আজ ডুবিয়েছে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে। গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচটিতে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে মাত্র ১০০ রানেই।
টপ অর্ডার চূড়ান্তভাবে ব্যর্থ। আয়েশা রহমান, শারমিন আহমেদ, রুমানা আহমেদদের কেউই রান পাননি। সর্বোচ্চ ২৮ রান এসেছে ফারজানা হকের ব্যাট থেকে। এরপর ব্যর্থ লতা মণ্ডল, সালমা খাতুনও। শেষের দিকে নারগিস সুলতানা ১৮ বলে ১৪, ঋতু মণি ১২ বলে ১৩ আর জাহানারা আলম মাত্র ৪ বলে ১০ রান করে দলের সংগ্রহে একটা ভদ্রোচিত চেহারা দেন।
পাপুয়া নিউগিনির পক্ষে বল হাতে বাংলাদেশকে আজ সবচেয়ে বেশি ভুগিয়েছেন কেরি সেরু। তিনি ৩ ওভার বল করে ২ মেডেনে মাত্র ২ রান দিয়ে তুলে নেন বাংলাদেশের ২ উইকেট। এ ছাড়া রাভিনা ওয়া, কাইয়া আরুয়া, সিবোনা জিমি, ভেরু ফ্রাঙ্ক—প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
এই প্রতিবেদন লেখার সময় পাপুয়া নিউগিনির ইনিংসের দশম ওভার চলছিল। এই সময় তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৯ রান। সূত্র: আইসিসি ডটকম।