১১ জন ঠিক করতেই হিমশিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউজিল্যান্ডের বিচিত্র আবহাওয়া। পরশু কড়া রোদ শরীরে প্রায় জ্বালা ধরাচ্ছিল। অথচ কাল কিনা সকাল থেকেই আকাশের মুখ গোমড়া! ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে দিনের শুরু। দুপুরের পর আবার বদলে গেল সব। ‘সামার’ হাসছে ক্রাইস্টচার্চে। তবে বাংলাদেশের গ্রীষ্মের সঙ্গে এর মিল নেই। রিকার্টন রোডের মাতাল হাওয়া মনে করিয়ে দিচ্ছিল ফাল্গুনের বসন্তকে।
কাল থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। অথচ এই শহরে আসার পর প্রথম দিনেই অনুশীলন মাটি বাংলাদেশের। সকালে দুই দফা মাঠে গিয়েও খেলোয়াড়দের শুধু লাঞ্চ করে আসাই সার হয়েছে। বৃষ্টির কারণে অনুশীলন হলো নামমাত্র। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, রুবেল হোসেন আর নুরুল হাসান নেটে হালকা বোলিং-ব্যাটিং করলেন। সঙ্গে ছিলেন মোস্তাফিজুর রহমান আর নাজমুল হোসেন।
চোট-আঘাতে জর্জর বাংলাদেশ দলের পরিস্থিতি এখন যা, তাতে অবশ্য নিউজিল্যান্ডে থাকা ১৭ ক্রিকেটারকেই টেস্ট স্কোয়াডের সদস্য ধরে নেওয়া যায়। টেস্টের আঁচও লাগছে সবার গায়ে। নাজমুলের কথাই ধরুন। এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। নিউজিল্যান্ড সফরে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কোনো দলেই ছিলেন না। তবু ওয়েলিংটন টেস্টে সাদা পোশাকে ফিল্ডিং করতে নামতে হয়েছিল তাঁকেও!

ক্রাইস্টচার্চ টেস্টেও ভারসাম্যপূর্ণ একাদশ ঠিক করা কঠিন হয়ে উঠেছে। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস কারও খেলাই কাল পর্যন্ত নিশ্চিত ছিল না। ঊরুর চোটে পড়া ইমরুলের সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’ বলে জানিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর মুশফিকের মূল সমস্যা এখন বাঁ হাতের বুড়ো আঙুলের চিড়। আঘাত নিয়ে খেলে আরও বড় আঘাত পেলে তাঁকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার এই বছরে চোটের ওপর চোট পাওয়ার ঝুঁকিটা না নেওয়াই ভালো। ফিজিও ডিন কনওয়েরও একই মত। শুধু আঙুলের চোটের কথা বিবেচনা করেই তাই বলে দেওয়া যায়—দ্বিতীয় টেস্টে মুশফিকের খেলার সম্ভাবনা খুবই কম।

তবে আশার কথা, মাথার আঘাতের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কাল পর্যন্ত ছিল না। নিউজিল্যান্ডের চিকিৎসকেরা তিন থেকে চার সপ্তাহ না খেলার পরামর্শ দিলেও মুশফিকের যে মানসিকতা, এটাকে তিনি থোড়াই তোয়াক্কা করবেন হয়তো। তবে কোচ এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই প্রাধান্য দিতে চান। সে জন্যই কাল সন্ধ্যায় ফিজিওর সঙ্গে চিকিৎসকের কাছে গিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়েছে মুশফিককে। মাথার চোট সম্পর্কে চিকিৎসকদের মতামত এবং আঙুলের সর্বশেষ অবস্থা বুঝে আজ মুশফিকের খেলার ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়ার কথা।

কোচ ইমরুলের খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’ বললেও শেষ পর্যন্ত তা নেই হয়ে যাওয়ারই বেশি সম্ভাবনা। দ্বিতীয় টেস্টে হয়তো বাংলাদেশ মাঠে নামবে বাঁহাতি এই ওপেনারকে ছাড়াই। সে ক্ষেত্রে সৌম্য সরকার ফিরবেন টেস্ট দলে। কাল বৃষ্টি-বাধার মধ্যেও হ্যাগলি ওভালে যেটুকু অনুশীলন হলো, সৌম্যর খেলার সম্ভাবনা খুঁজে পাওয়া গেছে তাতেই। টিম মিটিংয়ের পর প্যাড-গ্লাভস পরে নেমে গেলেন নেটে। ব্যাটিং করেছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা নুরুল হাসানও। মুশফিক খেলুন আর না-ই খেলুন, ক্রাইস্টচার্চে উইকেটের পেছনে দাঁড়াচ্ছেন এই তরুণই। আর শেষ পর্যন্ত মুশফিক, নুরুল দুজনই খেললে বোলিং আক্রমণ থেকে কমে যেতে পারেন একজন পেসার। ব্যাকআপ পেসার হিসেবে সৌম্য তো থাকবেনই। অথবা মেহেদী হাসান মিরাজকে বসিয়েও এই ভারসাম্যটা আনা হতে পারে।

পেস আক্রমণে পরিবর্তন এলে সেটা অন্যভাবেও আসতে পারত। অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে দলে এনে অনভিজ্ঞ আক্রমণের ধার কিছুটা বাড়ানোর চিন্তা করাই যায়। তবে কোচের সেদিকে আগ্রহ কম মনে হলো। রুবেলকে দলের সঙ্গে রেখেও না খেলানোর যুক্তি কী—জানতে চাইলে একটু রাগই করলেন হাথুরুসিংহে, ‘এ নিয়ে কোনো যুক্তি দেওয়ার দরকার আছে বলে মনে করি না। দলের জন্য যেভাবে করলে ভালো মনে হয়, আমি সেভাবেই কাজ করি।’

নিজের কাজের প্রতি যথেষ্ট আস্থা হাথুরুসিংহের। সেগুলো নিয়ে তর্কবিতর্ক থাকলেও এখন পর্যন্ত তাঁর কোনো চিন্তা ভুল প্রমাণিত হয়নি। দুঃস্বপ্নের ওয়েলিংটন টেস্টের পরও তাই তাঁর শেষ কথাটা আশাবাদী হতে বলে, ‘ফিরে আসা অসম্ভব নয়। তবে সেটা পারব কি না, তা সময়ই বলে দেবে। আমাদের সব চেষ্টা আর পরিকল্পনা নিজেদের ফিরে পাওয়ার জন্যই।’