১১ বছর অপেক্ষার পর একটা টেস্ট সেঞ্চুরি

১১ বছর পর টেস্ট সেঞ্চুরি ফাওয়াদের।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন টুইট করেছেন, ২০০৯ সালে ফাওয়াদ আলমের যখন টেস্ট অভিষেক হয়, তখন আপনি কী করতেন! এটির মাথামুণ্ডু বুঝতে আপনাকে এই পাকিস্তানি ব্যাটসম্যানের ক্যারিয়ারের দিকে তাকাতে হবে। ২০০৯ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষিক্ত হওয়ার পর ফাওয়াদ টেস্টই খেলেছেন ৬টি। অভিষেকেই সেঞ্চুরি করা ফাওয়াদের আরও একটি টেস্ট সেঞ্চুরি করতে অপেক্ষা করতে হলো আরও ১১টি বছর!

মাউন্ট মঙ্গানুই টেস্টে অনেক নাটকের একটি এপিসোড ছিল ফাওয়াদের সেঞ্চুরি, তাঁর লড়াই। ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে আজ পঞ্চম দিনে পঞ্চম উইকেট জুটিতে ১৬৫ রান তুললেন তিনি। চতুর্থ দিন শেষেই যে টেস্টে পাকিস্তান হার দেখছিল, সেই টেস্টে ফাওয়াদই পাকিস্তানিদের দেখিয়েছেন টেস্ট বাঁচানোর স্বপ্ন। ৩৯৬ মিনিট ব্যাটিং করে ২৬৯ বল খেলে ১০২। তবে তাঁর আক্ষেপ থেকেই যাবে। এমন একটা সেঞ্চুরি করেও সেটি বড় করতে না পারার। আরও ঘণ্টাখানেক টিকে থাকলে তো ম্যাচটা বাঁচিয়েই ফেলে পাকিস্তান।

গত আগস্টেই ফাওয়াদকে নিয়ে অনেক হইচই হয়েছে। পাকিস্তান ক্রিকেটেও ফাওয়াদকে নিয়ে অনেক হইচই। ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন রান করে যাওয়ার পরেও টেস্ট দলে সুযোগ না পাওয়া। অনেক কথাবার্তার পর গত আগস্টে করোনা–পরবর্তী সময়ের ইংল্যান্ড সফরে ডাক পেলেন তিনি। টেস্ট খেললেন ৩৯১১ দিন পর! ভাবা যায়! দুর্দান্ত এক অভিষেকের পর আবারও জাতীয় দলের টেস্ট টুপিটা পরতে এই বাঁহাতি ব্যাটসম্যানকে যে এত দিন অপেক্ষা করতে হবে, সেটা কি তিনি কখনো ভেবেছিলেন! কিন্তু এমনটাই ঘটেছে। ১৭৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ফাওয়াদের রেকর্ডটা কিন্তু অসাধারণই। ১২ হাজার ৮৩৫ রান করেছেন ৫৬.৫৪ গড়ে। একটি ট্রিপল সেঞ্চুরি পেতে গিয়ে পাননি। ২৯৬ রানে থেমেছিলেন। নাহ্! ফাওয়াদ সেদিন আউট হননি। ২৯৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

২০০৯ সালে অভিষেকে টেস্ট সেঞ্চুরি করেছিলেন ফাওয়াদ।
ছবি: এএফপি

এমন একজন ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড়ই কিনা ৩ হাজার ৯১১ দিন পর জাতীয় দলে আবারও সুযোগ পান। তাঁরই কিনা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির জন্য অপেক্ষায় থাকতে হয় পাক্কা ১১টা বছর!

ফাওয়াদের যখন টেস্ট অভিষেক হয়, তখন পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান। মিসবাহ–উল–হকও তখন খেলতেন। এ দুজনই এখন খেলা ছেড়ে জাতীয় দলের কোচিংয়ে যুক্ত—মিসবাহ প্রধান কোচ, ইউনিস ব্যাটিং কোচের ভূমিকায়। তখন ৩ ম্যাচ খেলে ফাওয়াদের ব্যাটিং গড় ছিল ৪১.৬৬। রান করেছিলেন ২৫০। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে সেখানেই থমকে গিয়েছিল তাঁর ক্যারিয়ার। ২০১৫ সালে একবার পাকিস্তানের হয়ে খেললেও তাঁকে পরে বাদ দিয়ে দেওয়া হয়। ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত রান করে যাওয়ার পরও তাঁকে নেওয়া হয়নি দলে। এ নিয়ে সমালোচনার শেষ ছিল না পাকিস্তানি ক্রিকেট সার্কিটে।

১১ বছর বিরতি দিয়ে টেস্ট সেঞ্চুরি! ফাওয়াদ কী নতুন কোনো রেকর্ড করলেন? ইতিহাস বলছে, না! ফাওয়াদের চেয়েও দীর্ঘ অপেক্ষা আছে আরও দুজনের। প্রথমজনের অপেক্ষা প্রায় ১৪ বছরের, দিনের হিসাবে ৫০৯৩ দিনের। তিনি অস্ট্রেলিয়ান। তাঁর নাম ওয়ারেন বার্ডসলি। ১৯১২ সালের ১৫ জুলাই তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ১৬৪ রানের এক ইনিংস। কিন্তু তখন কি বার্ডসলি জানতেন তাঁর পরের সেঞ্চুরিটি আসবে ১৯২৬ সালের ২৬ জুন? ইংল্যান্ডের বিপক্ষে সেবার লর্ডসে তাঁর ১৯৩ রানের ইনিংসটিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সময় বিরতি দিয়ে সেঞ্চুরি। বার্ডসলি আর ফাওয়াদের মধ্যে দুই নম্বরে আছেন ভারতের মুশতাক আলী। তাঁর দুই সেঞ্চুরির মধ্যে অপেক্ষা ৪৫৪৪ দিনের। ফাওয়াদের সেঞ্চুরি ঘুচিয়েছে তাঁর ৪২১৮ দিনের অপেক্ষা।

তবে ফাওয়াদের চেয়ে ‘কম’ সময়ের ব্যবধানে সেঞ্চুরিটি হ্যামিল্টন মাসাকাদজার। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে হারারেতে সেঞ্চুরি করার পর পরের টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন ২০১১ সালে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

১১ বছর টেস্ট সেঞ্চুরির আনন্দটা ফাওয়াদ আরও উপভোগ করতে পারতেন, যদি পাকিস্তানকে মাউন্ট মঙ্গানুইয়ে জয় অথবা ড্র এনে দিতে পারেতন। সেটি হয়নি। তাই ফাওয়াদের দুঃখটা থেকেই যাবে। দল না জিতলে ব্যক্তিগত মাইলফলকের আর মূল্য কী! তবে ফাওয়াদ আলম নিশ্চিতভাবেই ক্রিকেটের এক আলোচিত চরিত্র হয়ে উঠছেন—এটা বলতে অসুবিধা নেই।