ক্ষণে ক্ষণে চেহারা বদলাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের ম্যাচটি। যখন মনে হচ্ছিল বেঙ্গালুরু জিততে যাচ্ছে, ঠিক তখনই তারা দ্রুত ৪ উইকেট হারিয়ে বসল (১১ বলের মধ্যে)। আবার যখন সম্ভাবনাটা রাজস্থানের জোরদার হচ্ছিল, তখনই ঝড় তুললেন দিনেশ কার্তিক। সঙ্গে শাহবাজ আহমেদও। এই দুইয়ের কল্যাণে প্রায় হেরে যাওয়া ম্যাচটি ৪ উইকেটে জিতেছে বেঙ্গালুরু।
টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল রাজস্থান। কিন্তু এ ম্যাচে শুরুটা ভালো হয়নি তাদের। দ্রুতই ফিরে যান যশস্বী জয়সওয়াল। ঠিক ছন্দে না থাকলেও দলের হালটা এরপর ঠিকই ধরেন ইংলিশ তারকা জস বাটলার। তিনি দেবদূত পাডিকালের সঙ্গে জুটি বাঁধেন। দুজন মিলে দলকে অনেকটা পথ এগিয়েও দেন। কিন্তু ৩৭ রান করে পাডিকাল ফেরেন হার্শল প্যাটেলের বলে রানআউট হয়ে। তিনি ২৯ বল খেলে, ২টি বাউন্ডারি আর ২টি ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছিলেন।
ইনিংসের ১৫ ওভার খুব দ্রুত রান তুলতে পারেনি রাজস্থান। কিন্তু শেষ দুই ওভারে ৪২ রান তুলে তারাই নিজেদের সংগ্রহটাকে নিয়ে যায় ৩ উইকেটে ১৬৯–এ। ৪৭ বলে ৭০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাটলার। তাঁর ইনিংসে ছিল কেবলই ছক্কার ছড়াছড়ি। মেরেছেন ৬টি ছয়। শেষের দিকে শিমরন হেটমায়ার ৩১ বলে ৪২ রান করেন ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কায়। বেঙ্গালুরুর পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হার্শাল প্যাটেল।
১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি ও অনুজ রাওয়াত। ট্রেন্ট বোল্ট আর প্রসিদ্ধ কৃষ্ণ পাওয়ারপ্লেতে ভালোই রান দিয়েছেন। উদ্বোধনী জুটিতে ওঠে ৫৫ রান। রাজস্থানকে প্রথম উইকেট উপহার দেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ডু প্লেসি ২০ বলে ২৯ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। অনুজকে ফেরান প্রসিদ্ধ। তিনি অবশ্য ২৫ বলে ২৬ করেছেন।
এরপর বেঙ্গালুরুর জন্য বিপর্যয় হয়ে আসে বিরাট কোহলির রানআউট। এরপর ডেভিড উইলিও ফেরেন। দারুণ শুরুর পর ১১ বলের ব্যবধানে তখন বেঙ্গালুরুর নেই ৪ উইকেট। স্কোরবোর্ডে উঠেছে ৮.৫ ওভারে ৬২।
এর পরপরই বেঙ্গালুরুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শাহবাজ আহমেদ ও দিনেশ কার্তিক। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজন ৩৩ বলে ৬৭ রানের জুটি গড়ে বেঙ্গালুরুকে জয়ের দিকে এগিয়ে দেন। শাহবাজ ২৬ বলে ৪৫ আর দিনেশ কার্তিক ২৩ বলে ৪৪ করেন। দুজন মিলে মেরেছেন ১১টি বাউন্ডারি আর চারটি ছক্কা। শাহবাজ ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলে কার্তিকের সঙ্গে মিলে বাকি কাজটা করে দেন হার্শাল প্যাটেল। তিনি ১টি ছক্কায় ৪ বলে ৯ রান করে কার্তিকের মতোই অপরাজিত থাকেন।
রাজস্থানের বোল্ট আর চাহাল ২টি করে উইকেট নিয়েছেন। নবদীপ সাইনি নিয়েছেন ১ উইকেট।