উইকেট বৃষ্টির পর মৌসুমি বৃষ্টি

সকালে পাল্লেকেলের শক্ত উইকেট দেখে দুই অধিনায়কই বলেছিলেন, ব্যাটিং এখানে সহজই হওয়ার কথা। টসে জিতে ব্যাটিং নিতে তাই দুই বার ভাবেননি শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু কে জানত, অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের জন্য টসে হারাটা এমন শাপেবর হয়ে দাঁড়াবে? মাত্র ৩৪.২ ওভারেই যে শ্রীলঙ্কা ১১৭ রানে গুটিয়ে গেছে, ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে কোনো টেস্টে এত কম ওভারে অলআউট হয়েছে শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৬ রান করার পর দিনের শেষ সেশন পণ্ড করে দিয়েছেন বৃষ্টি।
পাল্লেকেলেতে প্রথম ওভার থেকেই আতঙ্ক ছড়াতে থাকেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। দুই অস্ট্রেলিয়ান পেসারের নিখুঁত লাইন লেংথ ও গতিতে খাবি খেতে থাকেন দুই লঙ্কান ওপেনার। পঞ্চম ওভারেই স্টার্কের বল আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লু হয়ে যান দিমুথ করুনারত্নে। পরের ওভারে হ্যাজলউডের আঘাত, এবারও এলবিডব্লু কুশল মেন্ডিস।
দশম ওভারে আবার উদ্যাপনের সুযোগ পেলেন হ্যাজলউড, এবার প্রথম স্লিপে ক্যাচ দিলেন কুশল সিলভা। ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা কাঁপছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন দিনেশ চান্ডিমাল ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু ম্যাথুস ১৫ রান করেই আউট হয়ে গেলেন, এবার হন্তারক বাঁহাতি স্পিনার স্টিভ ও'কিফ। পরে শ্রীলঙ্কার ৬৭ রানে চান্ডিমালকে ফিরিয়ে দিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেট নিয়েছেন হ্যাজলউড।
৮৪ রানে ৫ উইকেট হারিয়ে লাঞ্চে গিয়েছিল শ্রীলঙ্কা। এর পর মাত্র ৫ ওভারের মধ্যে পড়ে গেছে শেষ ৫ উইকেট, যোগ করতে পেরেছে ৩৩ রান। লাঞ্চের পর মূল হন্তারক ছিলেন নাথান লায়ন। ফিরিয়ে দিয়েছেন অভিষিক্ত ধনঞ্জয় ডি সিলভা, দিলরুয়ান পেরেরা ও কুশল পেরেরাকে। হেরাথকে আউট করে দ্বিতীয় উইকেট পেয়েছেন স্টার্ক, প্রদীপকে আউট করে লেজটা মুড়ে দিয়েছেন ও'কিফ। ধনঞ্জয়ের ২৪ রানই হয়ে থেকেছে শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ।
ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়াও। ৯ রানেউই হারিয়ে ফেলেছিল দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জো বার্নসকে। এর পর স্টিভ স্মিথ ও উসমান খাজা আর কোনো বিপদ হতে দেননি। চা বিরতি পর্যন্ত ৬৬ রানে ২ উইকেট ছিল অস্ট্রেলিয়ার। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। পরের সেশনে শেষ পর্যন্ত আর খেলাই হয়নি।