১২ কোটির আইয়ারই কলকাতার অধিনায়ক
দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে রাখেনি। ২০২২ মৌসুম শুরুর আগে হয়ে যাওয়া আইপিএলের মেগা নিলামে তাঁকে ১২ কোটি ২৫ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টপ অর্ডার এ ব্যাটসম্যানকে নিয়ে শাহরুখ খানের দলের যে বড় পরিকল্পনা ছিল, তা বোঝা গেল আজ। আইপিএলের ২০২২ মৌসুমের জন্য তাঁকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে কলকাতার দলটি।
অধিনায়ক হিসেবে আইয়ারের নাম ঘোষণা করতে গিয়ে কলকাতার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘আমরা খুবই আনন্দিত যে আইপিএলের নিলামে সফলভাবে শ্রেয়াসকে কিনতে পেরেছি এবং তাকে টিম কেকেআরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে পারছি।’ মাইসোর এরপর শ্রেয়াসকে দলে টানা আর অধিনায়ক বানানোর কারণ ব্যাখ্যা করেছেন, ‘সর্বোচ্চ পর্যায়ে মানসম্পন্ন একজন ব্যাটসম্যান হিসেবে সে আমাদের মুগ্ধ করেছে। আমাদের বিশ্বাস, টিম কেকেআরের হয়ে সে ভালো করবে।’
গত মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক এউইন মরগান। এবার তাঁকে ধরে রাখেনি কলকাতা। এমনকি সাবেক অধিনায়ককে নিলামে কেনেওনি তারা। বাস্তবতা হচ্ছে, এবারের নিলামে মরগানকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজিই। সব মিলিয়ে নতুন অধিনায়ক নিয়ে আইপিএলে নতুন যাত্রা করতে যাচ্ছে টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন কলকাতা। আইয়ারের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছেন দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালামও, ‘ভারতের ক্রিকেটের অন্যতম উজ্জ্বল ভবিষ্যৎ নেতা শ্রেয়াস আইয়ার কলকাতার নেতৃত্ব পাওয়ায় আমি খুব রোমাঞ্চিত।’
ম্যাককালাম এখানেই থেমে থাকেননি। আইয়ারকে দলের নতুন অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান, ‘শ্রেয়াসের ব্যাটিং এবং তার নেতৃত্বগুণ আমাকে মুগ্ধ করেছে। আমি তার খেলাটা উপভোগ করেছি। এখন তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি আমি। তার নেতৃত্বে আমরা সাফল্য পেতে সামনে এগিয়ে যেতে চাই।’ ২০২০ মৌসুমের আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন আইয়ার। সেবার প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল দিল্লি। কিন্তু ২০২১ সালে আইপিএলের ভারত–পর্বে চোটের কারণে খেলতে পারেননি আইয়ার। তাঁর জায়গায় দিল্লিকে নেতৃত্ব দেন ঋষভ পন্ত। সংযুক্ত আরব আমিরাত পর্বে আইয়ার ফিরলেও তাঁকে আর অধিনায়কত্ব দেয়নি দিল্লি।
কলকাতার অধিনায়কত্ব পেয়ে খুব খুশি আইয়ার, ‘কলকাতার মতো একটি নামী দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি খুব সম্মানিত বোধ করছি। আইপিএল এমন একটি টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট বিশ্বের বিভিন্ন দেশের সেরা খেলোয়াড়দের এখানে নিয়ে আসে। দুর্দান্ত প্রতিভাবান একটি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য আমি মালিক, টিম ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফের সবাইকে ধন্যবাদ জানাই।’
আইয়ার বলে চলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে দলের লক্ষ্য পূরণে আমরা সঠিক সমন্বয় খুঁজে পাব। ভারতের ক্রিকেটের বিষয় এলে কলকাতা আর ইডেন গার্ডেনসের ঐতিহ্য আছে। এই ঐতিহ্যে কিছু যোগ করার অবদান রাখতে চাই আমি। একটি দল হিসেবে খেলে আমাদের সমর্থকদের গর্বিত করতে চাই।’ আইয়ার এরপর আইপিএলে কলকাতা দলের থিম সংয়ের একটা অংশ উচ্চারণ করেন, ‘করব, লড়ব, জিতব!’
কলকাতা যে দুবার আইপিএলে জিতেছে তা ভারতের সাবেক ব্যাটসম্যান গৌতম গম্ভীরের নেতৃত্বে, ২০১২ ও ২০১৪ সালে। আইয়ার কি পারবেন কলকাতার সমর্থকদের আবার শিরোপা জয়ের আনন্দে ভাসাতে! সময়ই দেবে এর উত্তর।