১২ দলের বিশ্বকাপ চায় এমসিসি
আপত্তি উঠেছিল অনেক। কিন্তু সেসব কানে না নিয়ে প্রায় একতরফাভাবে ১০টি দল নিয়ে আগামী বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যেটিকে ক্রিকেটের জন্য পশ্চাৎমুখী পদক্ষেপ বলেই মনে করছে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব, এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটি। অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যেতেও প্রস্তাব করেছে তারা।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মকানুন, ক্রিকেট-সংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ এই কমিটির কাজ। এখন যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক ব্রিয়ারলি। সদস্য হিসেবে আছে রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, শন পোলক, স্টিভ বাকনার, সৌরভ গাঙ্গুলীর মতো বড় সব নাম। গত দুদিনব্যাপী লর্ডসে সেই বিশ্ব ক্রিকেট কমিটির সভাতেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশ্বকাপে আইসিসির দল কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে। যে সভায় উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন ও প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনও। সভা শেষে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেট কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘১০ দল নিয়ে ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত একটি পশ্চাৎমুখী পদক্ষেপ, যা ক্রিকেটের উন্নতির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে।’ এর বদলে ১২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করে কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘দরকার হলে পূর্ণ সদস্যদের মধ্যে নিচের দিকে থাকা দলগুলো ও সহযোগী সদস্যের মধ্যে ওপরের দিকের দলগুলোকে নিয়ে একটা প্রাথমিক বাছাইপর্ব আয়োজন করা যায়। এর ফলে মূল টুর্নামেন্টের দৈর্ঘ্য খুব একটা লম্বা হবে না। আবার বেশি দল সুযোগ পাবে ৫০ ওভারের বিশ্বকাপে খেলার।’
ব্যাপারটা এমন নয় যে এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটি সিদ্ধান্ত নিলেই আইসিসি তা বিনা বাক্যব্যয়ে মেনে নেবে। কমিটির সদস্য শন পোলক অবশ্য আশাবাদী, ‘আমার মনে হয় ওরা পরবর্তী সভায় ওদের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করবে।’ বিশ্ব ক্রিকেট কমিটির সভায় আইসিসির প্রতিনিধিরা সেই আভাস দিয়েছেন বলেও জানিয়েছেন পোলক। ক্রিকইনফো।