১২ বছর বয়সী বালকের পরামর্শ শুনে আইপিএলে হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওয়ারের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন উনাদকার!
পাওয়ারের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন উনাদকার!

এই আইপিএলের তৃতীয় হ্যাটট্রিকটা সপ্তাহের শুরুতেই হয়ে গেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ জেতানো এক স্পেল হ্যাটট্রিক দিয়ে শেষ করেছেন জয়দেব উনাদকার। ৬ মের অমন দুর্দান্ত বোলিংয়ের কৃতিত্ব নিজের কাছে রাখেননি এই বাঁহাতি পেসার। এক ১২ বছরের বালকের পরামর্শেই নাকি হ্যাটট্রিক করতে পেরেছিলেন। এমনটাই জানালেন উনাদকার।

সেদিন রাইজিং পুনে সুপার জায়ান্টের বিপক্ষে হায়দারাবাদের জয়ের সমীকরণটা ছিল খুব সহজ। শেষ তিন ওভারে ৩২ রান দরকার ছিল হায়দরাবাদের। হাতে ছিল ৬ উইকেট। ১৮তম ওভারে এসে যুবরাজ সিং ও নোমান ওঝাকে ফেরালেন। ম্যাচে ফিরল পুনে। তবু শেষ ওভারে যখন বোলিংয়ে এলেন উনাদকার, কাজটা একটুও সহজ ছিল না। শেষ ওভারে ৪ উইকেটে ১৩ রান তোলা টি-টোয়েন্টিতে খুব সহজ কাজ। কিন্তু উনাদকারের বোলিংয়ে সেটাই ভয়ংকর কঠিন হয়ে গেল।
প্রথম বলে ডট, পরের তিন বলে উনাদকারের স্লোয়ার, কাটারে আউট হয়েছেন বিপুল শর্মা, রশিদ খান ও ভুবনেশ্বর কুমার। শেষ বলেও কোনো রান হলো না। শেষ ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট! যেকোনো বিচারে দুর্দান্ত বোলিং। তবে এমন বোলিংয়ের চেয়েও চমক জাগাল ম্যাচের পরে উনাদকারের ইনস্টাগ্রাম পোস্ট। ১২ বছরে এক বালকের ছবি দিয়ে এই পেসার লিখেছেন, ‘যে পরামর্শে কালকের হ্যাটট্রিকটা হলো। ছোট্ট বন্ধুকে ধন্যবাদ!’

গত ২৮ এপ্রিল পুনের এপিএসএস স্কুলে গিয়েছিলেন উনাদকার। তাঁর সঙ্গী হয়েছিলেন পুনে অধিনায়ক স্টিভ স্মিথ ও ফাফ ডু প্লেসি। সেখানেই এই পরামর্শদাতার দেখা মিলেছে। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গেছে, ওমকার পাওয়ার নামের ওই বালক ‘কীভাবে চাপের মুখে বল করতে হয়’ সে পরামর্শ দিচ্ছে উনাদকারকে। সঙ্গে কীভাবে ক্রস সিমে বল করতে হয়ে সেটাও হাতে কলমে দেখিয়ে দিয়েছে ওই বালক!
উনাদকারের হ্যাটট্রিক দেখিয়ে দিল, ভালোই কাজে লেগেছে পাওয়ারের পরামর্শ। আইপিএলের দলগুলো না সেই বালককে আবার বোলিং পরামর্শ বানাতে প্রতিযোগিতায় নেমে যায়! সূত্র: ইনস্টাগ্রাম।