১২৫ বছরের পুরোনো লজ্জা এড়াল অস্ট্রেলিয়া!

শঙ্কাটা জাগল ডেভিড ওয়ার্নার আউট হওয়ার সঙ্গে সঙ্গে। তখনো দিনের খেলা প্রায় ২৭-২৮ ওভারের মতো বাকি। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে তখনো ৩৪ রানে পিছিয়ে। পড়ে গেছে ছয় উইকেট। এই এজবাস্টন টেস্টেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শেষ চার উইকেট পড়েছে ৪২ রানে। লেগেছে মাত্র দশ ওভার। শঙ্কা জাগাই স্বাভাবিক, তবে কি দুই দিনের মধ্যেই টেস্ট হারতে চলেছে অস্ট্রেলিয়া!
দুই দিনের মধ্যে টেস্ট হেরে যাওয়াটা অবশ্যই বড় এক লজ্জার। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা হররোজ ঘটেও না। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০০৫ হারারে টেস্টে। আর অস্ট্রেলিয়ার ইতিহাসে তো এই লজ্জার ওপরে সোয়া শ বছরের ধুলো। অস্ট্রেলিয়া দুবার দুদিনের মধ্যে টেস্ট হেরেছে। প্রথমটি ১৮৮৮ সালে, দ্বিতীয় ও সর্বশেষটি ১৮৯০ সালে। গতকাল একটুর জন্য ১২৫ বছর পুরোনো এই লজ্জায় পড়তে পড়তেও বেঁচে গেছে অস্ট্রেলিয়া।
ব্র্যাড হাডিনকে সরিয়ে আগের টেস্টে বহুল আলোচনার জন্ম দিয়ে অভিষেক হওয়া পিটার নেভিল সাতে নেমে ৫৯, আর নয়ে নেমে মিচেল স্টার্ক ৫৮ রানের ইনিংস দুটো না খেললে এই লজ্জা নিশ্চিত ছিল অস্ট্রেলিয়ার। সেটি এড়িয়ে টেস্টটি তৃতীয় দিনে আনলেও পরাজয় এড়াতে পারেনি না তারা। হেরে গেছে ৮ উইকেটে। লর্ডসে চার শ রানের ব্যবধানে হেরে যাওয়ার পাল্টা জবাব ইংলিশরা দারুণভাবেই দিল। সিরিজে এগিয়ে গেল ২-১-এ।
দুদিনে হারের কথাই যখন উঠল, নিশ্চয় মনে পড়বে ডেভিড হুকসের সেই কথা। ‘স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার উচিৎ বাংলাদেশকে টেস্টের প্রথম দিনেই মধ্যে হারিয়ে দেয়া’—২০০৩ সালে প্রথম অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ সম্পর্কে এমন অবজ্ঞাসূচক উক্তি করেছিলেন অস্ট্রেলিয়ার এ প্রয়াত ক্রিকেটার। তাঁরই দল কিনা এবার অ্যাশেজে সিরিজে ছিল দুদিনে হেরে যাওয়ার শঙ্কায়!
সর্বশেষ, অস্ট্রেলিয়া দুদিনে হেরে গিয়েছিল ১৮৯০ সালে, ওভাল টেস্টে। টসে জিতে প্রথমে ব্যাট করে ৯২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ইংলিশরা অলআউট ১০০ রানে। দ্বিতীয় ইনিংসেও একই দুর্দশা অস্ট্রেলিয়ার, অলআউট ১০২ রানে। ৯৫ রানের সামান্য লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইংলিশদের ‘জীবন যেন যায় যায়’! ২ উইকেট হাতে রেখে রোমাঞ্চকর ম্যাচটা অবশেষে নিজেদের মুঠোয় পুড়ে নেয় ইংল্যান্ড।
১৮৮৮-এর অ্যাশেজের তৃতীয় টেস্টে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে ৮১ আর দ্বিতীয় ইনিংসে ৭০ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানই গোল্লা মারেন। এঁদের মধ্যে ছিলেন চার্লস ব্যানারম্যানও, টেস্ট ইতিহাসে প্রথম সেঞ্চুরি এসেছে যাঁর ব্যাটে।
ইংল্যান্ড সর্বশেষ দুদিনের মধ্যে টেস্ট জিতেছে ২০০০ সালে। হেডিংলি টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৭২ রানে। প্রথম ইনিংসে ইংলিশরা তোলে ২৭২ রান। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা অলআউট ৬১ রানে। ইনিংস ও ৩৯ রানের জয় পায় ইংলিশরা।
দুদিনে টেস্ট জয়ের সর্বশেষ ঘটনা ঘটে ২০০৫ সালে। হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৪৫২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট ৫৯ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে অলআউট ৯৯ রানে। মামলা খতম দুদিনেই!
দুদিনে হেরে যাওয়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের মতো দলেরও আছে। মজার ব্যাপার, যাদের একদিনে হারিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন হুকস, সেই বাংলাদেশ কখনো দুদিনেও হারেনি। টেস্টে বলের হিসেবে বাংলাদেশ সবচেয়ে দ্রুত অলআউট হয়েছে ২০০৫-এ কলম্বো টেস্টে। প্রথম ব্যাট করতে নেমে হাবিবুল বাশারের দল অলআউট হয়েছিল ১৮৮ রান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৩৭০ রানে। তবে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার দারুণ সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে অলআউট হওয়ায় হাবিবুলের দল হারে ইনিংস ও ৯৬ রানে। ৪৩০ বল মাঠে গড়ানো ম্যাচটা তবুও তৃতীয় দিনে গড়িয়েছিল।
বলের হিসেবে সবচেয়ে ছোট দৈর্ঘ্যের ম্যাচ ১৮৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পোর্ট এলিজাবেথ টেস্ট। দুদিনে ২৪৮ বল মাঠে গড়ানো ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৮৮ রানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড।