১২৬ বছর পর কামিন্স...
অধিনায়কত্ব করার জন্য প্যাট কামিন্স কতটুকু প্রস্তুত ছিলেন, সেটি নিয়ে আলোচনা হতেই পারে। টিম পেইনের বিতর্কিত ‘সেক্স-টেপ’ আলোচনা না বেরোলে হয়তো এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স খেলতেন শুধু বোলার হিসেবে। অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসটা জেনে থাকলে কামিন্সের তো আরও অধিনায়কত্ব নিয়ে ভাবার কথা নয়! ক্রিকেটের অন্যতম শীর্ষ এই দেশ যে ফাস্ট বোলারদের টেস্ট অধিনায়ক করতেই চায় না বলতে গেলে! কোনো ফাস্ট বোলারের সবশেষ অস্ট্রেলীয় টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার ঘটনা যে ৬৫ বছরের পুরোনো।
টিম পেইন সরে দাঁড়ানোয় কামিন্স ছাড়া ভালো আর কাউকেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) খুঁজে পায়নি টেস্ট দলের অধিনায়ক করার ব্যাপারে। ১৯৫৬ সালে ভারতের বিপক্ষে বোম্বে (মুম্বাই) টেস্টে ফাস্ট বোলার হিসেবে শেষ অধিনায়কত্ব করেছিলেন টিম লেন্ডল। এরপর ৬৫ বছর কেটে যাওয়ার পর কামিন্সকে খুঁজে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এসব আলোচনা পুরোনো। আজ ব্রিসবেনে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ‘ফাস্ট বোলার’ অধিনায়ক কামিন্সের ইংলিশ অধিনায়ক জো রুটের সঙ্গে টস করতে নামার ঘটনাটাও পুরোনো। অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন কামিন্স। তাঁকে নিয়ে নতুন খবর হলো, ১২৬ বছর পর অস্ট্রেলীয় টেস্ট দলের কোনো ‘ফাস্ট বোলার’ অধিনায়ক হিসেবে গড়লেন ৫ উইকেট নেওয়ার কীর্তি।
টিম লেন্ডলের আগেও ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন কয়েকজন। আজ কামিন্সের কল্যাণে ১২৬ বছর আগে অস্ট্রেলীয় টেস্ট দলের আরেক ফাস্ট বোলার অধিনায়ক সামনে এলেন—জর্জ গ্রিফিন। তিনিই যে পেস বোলার হিসেবে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হয়ে সবশেষ ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন।
গ্রিফিন আরও একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ। ১৮৮২ সালে তিনি যখন প্রথম অস্ট্রেলীয় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন, সে সময়ই অ্যাশেজ সিরিজের জন্ম হয়েছিল। সে সিরিজেই ‘দুর্বল’ অস্ট্রেলিয়ার কাছে একটি টেস্টে ৭ রানে হেরে যাওয়ার পর ইংলিশ সংবাদমাধ্যম স্পোর্টিং টাইমস ‘ইংলিশ ক্রিকেটের মৃত্যু’ ঘোষণা করেছিল। তারাই ‘মৃত ইংলিশ ক্রিকেটে’র মরদেহ পুড়িয়ে ফেলে তা অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়ার কথা লিখেছিল। ‘অ্যাশেজ’—শব্দের উৎপত্তিও সেখান থেকেই।
কামিন্সের কীর্তির মাহাত্ম্য এখানেই শেষ নয়; ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে টেস্টের প্রথম দিনই ৫ উইকেট তুলে নেওয়ার অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। জর্জ গ্রিফিন ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে ১২৬ বছর আগে সবশেষ ৫ উইকেট নিয়েছিলেন ঠিকই; কিন্তু সেটি টেস্টের প্রথম দিনেই নয়। ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে টেস্টের প্রথম দিনই ৫ উইকেট নেওয়ার শেষ কীর্তিটি ৩৯ বছর আগের। সেটি পাকিস্তানের ইমরান খানের। তিনি ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সেই রেকর্ড করেছিলেন।
ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে টেস্টের প্রথম দিনই ৫ উইকেট নেওয়ার প্রথম ঘটনাটি অবশ্য আরও অনেক পুরোনো, ১৮৮৯ সালে। ইংল্যান্ডের সিএ স্মিথ পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে টেস্টের প্রথম দিনই ৫ উইকেট পেয়েছিলেন। এর পরের ঘটনাটি ১৯৩৬ সালের। ইংল্যান্ডের জিওবি অ্যালেন ভারতের বিপক্ষে লর্ডসে পেয়েছিলেন ৫ উইকেট।
অধিনায়ক হিসেবে অ্যাশেজেও রেকর্ড হয়েছে কামিন্সের। ১৯৬২ সালের পর এই প্রথম কোনো অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক হিসেবে পেলেন ৫ উইকেট। সবশেষ এই কীর্তি কিংবদন্তি রিচি বেনোর।
ব্রিসবেনে প্রথম দিন সবই পেয়ে গেলেন কামিন্স। এখন অপেক্ষা কেবল চূড়ান্ত সাফল্যের। অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক হিসেবে ইতিহাসে অমর হতে সেটিই যে বেশি প্রয়োজন কামিন্সের।