
চার দিনের টেস্টের দাবিতে কয়েক দিন আগেই না সরব হলেন গ্রেগ চ্যাপেল-মার্ক টেলররা! অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দাবিটা শুধু চ্যাপেল-টেলরদের নয়, সময়ের দাবিতে পরিণত হতে চলেছে। নাগপুর বলুন কিংবা অ্যাডিলেড—টেস্ট তিন-চার দিনের বেশি টিকছে কোথায়! নাগপুরে তো তিন দিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা হেরে বসল ভারতের কাছে। অ্যাডিলেডে প্রথম দুই দিন পেরোনোর পর ম্যাচ যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে পঞ্চম দিনে খেলা গড়ালে সেটাই হবে বিস্ময়ের।
অ্যাডিলেডে প্রথম দিনেই পড়েছিল ১২ উইকেট, কাল পড়ল ১৩টি! তাতে কতটা বোলারদের অবদান আর কতটা ব্যাটসম্যানদের মনকে পেয়ে বসা ‘গোলাপি বল জুজু’র, তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে পরপর দুটি উইকেট-বৃষ্টির দিন ম্যাচটাকে কিন্তু নাটকীয় জায়গায় নিয়ে এসেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাওয়া ২২ রানের লিড পেরিয়ে দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১১৬। হাতে ৯৪ রানের লিড, বাকি ৫ উইকেট। প্রথম দুই দিনের ধারাবাহিকতা তৃতীয় দিনেও থাকলে আর অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জের সামনে ফেলে দিতে খুব বড় স্কোরের মনে হয় না দরকার হবে নিউজিল্যান্ডের।
উইকেট পড়েছে বৃষ্টির মতো, তবে দ্বিতীয় দিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে আসলে আম্পায়ারের একটি নটআউটের সিদ্ধান্ত। ঘটনাটি দ্বিতীয় সেশনের শুরুর দিকে, অস্ট্রেলিয়ার ইনিংসের ৫৪তম ওভারে। ট্রেন্ট বোল্ট আর ডগ ব্রেসওয়েলদের তোপের মুখে অস্ট্রেলিয়া ততক্ষণে ১১৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসে আছে। নিউজিল্যান্ডের অভিষিক্ত বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের একটি বলে সুইপ করতে গিয়ে নাথান লায়ন ক্যাচ দিলেন দ্বিতীয় স্লিপে। মাঠের আম্পায়ার সুন্দরম রবি আউট না দেওয়ায় রিভিউ নেয় নিউজিল্যান্ড। তৃতীয় আম্পায়ার নাইজেল লং রিপ্লে দেখেন প্রায় সাড়ে ৫ মিনিট ধরে। হট স্পটে বল লায়নের ব্যাট ছুঁয়ে যাওয়ার প্রমাণও মেলে। কিন্তু টেলিভিশনে শোনা যায়, লং বলছেন, ‘হট স্পটের ওই দাগ যেকোনো কিছু থেকেই হতে পারে!’ অথচ বড় পর্দায় হট স্পটের ওই দাগ দেখে লায়ন নিজেই হাঁটা দেন ড্রেসিংরুমের দিকে। কিন্তু লং বিস্ময়করভাবে আউটের কোনো প্রমাণ খুঁজে না পেয়ে নটআউট ঘোষণা করেন! সীমানার কাছ থেকে ফিরে আসেন লায়ন।
লায়ন ফিরে এসে পিটার নেভিলকে নিয়ে যোগ করেছেন আরও ৭২ রান। শুধু ধস সামলে ঘুরে দাঁড়ানোই নয়, এই জুটিতে লিডও নিয়েছে অস্ট্রেলিয়া। পরে বল হাতে ৫ উইকেট ভাগাভাগি করে নিয়ে নিউজিল্যান্ডের কাজটা আরও কঠিন করে তুলেছেন জশ হ্যাজলউড ও মিচেল মার্শ।
তাৎক্ষণিকভাবেই লংয়ের সেই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ধারাভাষ্যকারেরা। ম্যাচ শেষেও থামেনি সেই বিতর্ক। সিদ্ধান্তটা অস্ট্রেলিয়ার পক্ষে গেলেও সমালোচনা অস্ট্রেলিয়ানরাই বেশি করেছেন। টুইটারে ক্ষোভ ঝেড়েছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন, ‘হট স্পটে পরিষ্কার দাগ দেখলাম, নাথানও ড্রেসিংরুমের দিকে হাঁটা দিয়েছিল। অথচ হাস্যকরভাবে সময় নষ্ট করা হলো এবং ভুল সিদ্ধান্ত দেওয়া হলো।’ খেপে গিয়ে ম্যাথু হেইডেনও বলেছেন, ‘ব্যাটসম্যানই তো হাঁটা দিল। এর চেয়ে বড় আর কী প্রমাণ দরকার ছিল?’
সবচেয়ে মজার টুইটটি করেছেন এবিসি নিউজের ক্রীড়া সাংবাদিক জিওফ লেমন, ‘আগে আম্পায়াররা সঙ্গে সঙ্গে ভুল করতেন, ডিআরএস আসার পর এখন সাড়ে ৪ মিনিট সময় নিয়ে ভুল সিদ্ধান্ত দেন।’ স্টার স্পোর্টস, সিডনি মর্নিং হেরাল্ড।