১৩ উইকেটে সেরা দশে লায়ন
ছয় বছর আগে টেস্ট অভিষেক নাথান লায়নের। অস্ট্রেলিয়ার অফ স্পিনার এরপর খেলেছেন ৬৯ টেস্ট, নিয়েছেন ২৬৯ উইকেট। লায়নের অভিষেকের পর টেস্টে তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন শুধু রঙ্গনা হেরাথ (৩০৫) ও রবিচন্দ্রন অশ্বিন (২৯২)। সেই লায়ন চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স দিয়েই প্রথমবারের মতো উঠলেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষ দশে। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে আটে উঠেছেন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নেওয়া লায়ন। অস্ট্রেলীয় বোলার এর আগে সর্বোচ্চ ১২ নম্বরে উঠেছিলেন গত বছরের মে মাসে।
চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাশটন অ্যাগারকে।
চট্টগ্রামের ৬৮ ও ৩১ রান এক ধাপ এগিয়ে মুশফিককে উঠিয়েছে ২২ নম্বরে। ক্যারিয়ার-সেরা অবস্থান থেকে বাংলাদেশের অধিনায়ক পিছিয়ে আছেন এক ধাপ। তবে ক্যারিয়ার-সর্বোচ্চ ৬৫৮ রেটিং পয়েন্ট চট্টগ্রাম টেস্টের পরেই পেলেন মুশফিক। ম্যাচে ৯০ রান করা সাব্বির ২২ ধাপ এগিয়ে উঠেছেন ৭৩ নম্বরে। বোলিংয়ে বড় লাফ দিয়েছেন মোস্তাফিজ। ম্যাচে ৫ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মিরাজ এগিয়েছেন এক ধাপ।
মিরপুর টেস্ট জয়ের দুই নায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান অবশ্য পিছিয়েছেন র্যাঙ্কিংয়ে। তামিম ব্যাটিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৬ নম্বরে নেমে গেছেন। এক ধাপ পিছিয়ে সাকিব আছেন ১৮ নম্বরে। বোলিংয়েও তিন ধাপ পিছিয়ে ১৭-তে নেমেছেন বাংলাদেশের অলরাউন্ডার। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩৩ পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তথ্যসূত্র: আইসিসি।
