১৩ ওভারে অলআউট, সেটিও টেস্টে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটা কী হলো! বিশ্বাস হচ্ছে না ক্লার্কের। ছবি: রয়টার্স
এটা কী হলো! বিশ্বাস হচ্ছে না ক্লার্কের। ছবি: রয়টার্স

স্লিপ হয়ে উঠল মরণফাঁদ। একের পর এক বল ব্যাটে চুমু খেয়ে জমা পড়ছে স্লিপে—মৃত্যুচুম্বন! স্টিভেন ফিনের বাড়তি বাউন্সের বলটাও নাথান লায়নের ব্যাটের কোণা ছুঁল। ভেসে এল পঞ্চম স্লিপে। একটুর জন্য হাতে জমাতে পারলে না বেন স্টোকস। জমাতে পারলেই মাত্র ১৩.৫ ওভারেই অলআউট হয়ে যেত অস্ট্রেলিয়া!
তাতেও অবশ্য বিশ্ব রেকর্ড হতো না। কারণ টেস্টে যে ১৩ ওভারেই অলআউট হওয়ার প্রায় অবিনশ্বর একটা রেকর্ড গড়ে বসে আছে দক্ষিণ আফ্রিকা। ১৯২৪ সালে ইংল্যান্ডের সঙ্গে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩০ রানে গুটিয়ে গিয়েছিল। অলআউট হওয়ার আগে পুরো দল মিলে খেলতে পেরেছিল ১২.৩ ওভার। অর্থাৎ মাত্র ৭৫টি বল!
আজ সেই রেকর্ডটি বারবার মনে করিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বলের হিসাবে তাদের সবচেয়ে বড় জুটিটাই হয়েছে শেষ উইকেটে। ৩৩ বলের সেই জুটিটা হয়েছে বলেই ১৮.৩ ওভার পর্যন্ত টিকেছে অস্ট্রেলিয়া। না হলে নিজেদের ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম সময়ে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হতো। সেটি এড়ালেও এটি অস্ট্রেলিয়ার তৃতীয় দ্রুততম সময়ে অলআউট হওয়ার লজ্জা। ২০১১ সালে কেপটাউনে ১০৮ বল খেলে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ১৯৩৬ সালে ব্রিসবেনে অলআউট হয়েছিল ৯৯ বল খেলে।
বলের হিসাবে দ্বিতীয় দ্রুততম সময়ে অলআউট হওয়ার লজ্জাটিও দক্ষিণ আফ্রিকার। ১৮৯৬ সালে পোর্ট এলিজাবেথ টেস্টে ৯০ বলে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। তিনে আছে ইংল্যান্ড। ১৯০২ সালে মেলবোর্ন টেস্টে তারা অলআউট হয়েছিল ৯৪ বলে। চারে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সেই ৯৯ বলে অলআউট হওয়ার ‘কীর্তি’। এক শর কম বলে টেস্টে অলআউট হওয়ার ঘটনা এই চারটিই।
তবে এক দিক দিয়ে অস্ট্রেলিয়ার আজকের ‘কীর্তি’টি বাকি সবাইকেই ছাপিয়ে যাচ্ছে। ম্যাচের প্রথম ইনিংসে এত দ্রুততম সময়ে কেউই অলআউট হয়নি। ১৮৯৬ সালে লর্ডস টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে অলআউট হওয়ার সেই ইনিংসটায় অস্ট্রেলিয়া খেলেছিল ১১৩ বল। আজ খেলল মাত্র ১১১টি!
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে সবার মাঝে নানা প্রশ্ন। কিন্তু সবচেয়ে কম বল খেলে অলআউট হওয়ার রেকর্ডে বাংলাদেশ অনেক নিরাপদ দূরত্বেই আছে। বাংলাদেশ এখন পর্যন্ত সর্বনিম্ন ১৫২ বল খেলে অলআউট হয়েছিল, ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। বলের হিসাবে দ্রুততম অলআউট হওয়ার রেকর্ডে এই ইনিংস আছে ৩৪ নম্বরে।