১৩৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার এমন বিপর্যয়!
মেলবোর্নে ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের ক্ষত এখনো শুকায়নি। এই ক্ষত ধরে নানা বিষয় খুঁচিয়ে অস্ট্রেলিয়ার পতনের নানা হিসাব বের করে আনা হচ্ছে। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসের (এএপি) ক্রীড়া সংবাদকর্মী স্কট বেইলি এমনই এক তথ্য বের করেছেন। টিম পেইনের দলের তা মোটেই ভালো লাগার কথা নয়। বেইলি পরিসংখ্যান ঘেঁটে জানিয়েছেন, মেলবোর্ন টেস্টে হারের পর ১৩৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্য রকম এক কঙ্কাল বেরিয়ে পড়েছে।
বোর্ডার–গাভাস্কার ট্রফিতে এখন ১–১ ব্যবধানে সমতায়। সিরিজের বাকি দুই টেস্টে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিশ্চিত। আগের দুই টেস্টে ব্যাটিং নিয়ে পেইনের দলের সন্তুষ্ট থাকার কোনো কারণ নেই। এ ব্যাটিংটাই ডোবাচ্ছে তাদের। এই মৌসুমে টেস্টে তিন ইনিংসে ১৯১, ১৯৫ ও ২০০ রান তুলে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এই তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি মাত্র তিনটি। অ্যাডিলেডে ৯০ রান তাড়া করে ৮ উইকেটে জয়ের ইনিংসটি এখানে বিবেচিত হবে না।
এমন ব্যাটিং অস্ট্রেলিয়ার নির্বাচকদের কঠোর হতে বাধ্য করেছে। বাকি দুই টেস্টের জন্য ওপেনার জো বার্নসকে বিবেচনা করা হয়নি, যদিও অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারে প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে শুধু বার্নস–ই ফিফটির দেখা পেয়েছিলেন। সে যা–ই হোক, বেইলির দেওয়া নতুন তথ্য হলো—এ মৌসুমে উইকেটপ্রতি দলের গড় রান ২১.৫০। গত ১৩৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কখনো এত বাজে অবস্থার মধ্য দিয়ে যায়নি। সর্বশেষ এমন দেখা গেছে ১৮৮৭–৮৮ মৌসুমে।
সে মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিডনিতে একটি টেস্ট খেলে ১২৬ রানে জিতেছিল ওয়াল্টার রিড–জর্জ লোহম্যানের ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪২ ও দ্বিতীয় ইনিংসে ৮২ রানে অলআউট হয়েছিল পার্সি ম্যাকডোনাল্ড–অ্যালেক বানারম্যানের অস্ট্রেলিয়া। সেবার উইকেটপ্রতি অস্ট্রেলিয়ার রান তোলার গড় ছিল ৯.৩৫। এরপর গত ১৩৩ বছরের মধ্যে এবারই প্রতি উইকেটে অস্ট্রেলিয়ার রান তোলার গড় এতটা কম দেখা গেল। ১৮৮৭–৮৮ মৌসুমের আগে অবশ্য এবারের চেয়েও বাজে সময় কাটিয়েছে অস্ট্রেলিয়া। ১৮৮২–৮৩ মৌসুমে ২০.৭৮, ১৮৭৬–৭৭ মৌসুমে ১৮.৮৯, ১৮৭৮–৭৯ মৌসুমে ১৮.২৬ ও ১৮৮৬–৮৭ মৌসুমে উইকেটপ্রতি গড়ে ১২.৩০ করে রান তুলেছে অস্ট্রেলিয়া।
দুই বছর আগে অস্ট্রেলিয়া সফরে এসেছিল ভারত। তখন উইকেটপ্রতি অস্ট্রেলিয়া ৩০.০৩ গড়ে রান তুলেছে। গত মৌসুমে সেটি বেড়ে দাঁড়ায় ৩৪.০১। এবার ওভারপ্রতি অস্ট্রেলিয়ার রান তোলার গড়ও দুশ্চিন্তায় ফেলার মতো (২.৬৩)। এই শতাব্দীতে এর আগে অস্ট্রেলিয়া দলকে ওভারপ্রতি কখনো এত কম রান তুলতে দেখা যায়নি।
সিরিজের বাকি দুই টেস্টের জন্য ডেভিড ওয়ার্নারকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। আগের দুই টেস্টে ভারতীয় বোলারদের সামনে ভুগেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সিডনিতে পেইনের দল কেমন খেলে এখন সেটাই দেখার বিষয়।