১৩৫কেও জেতানোর স্কোর বানালেন তাইজুল

বিকেএসপিতে আগের ম্যাচে ভিক্টোরিয়ার সঙ্গে একটুর জন্য ৫ উইকেট পাওয়া হয়নি তাইজুল ইসলামের, পেয়েছিলেন ৪ উইকেট। তবে আজ বিকেএসপিতেই সেই একই আফসোসে পুড়তে হয়নি বাঁহাতি স্পিনারকে। লিজেন্ডস অব রূপগঞ্জের প্রথম ৬ উইকেটই তুলে নিয়ে মোহামেডানকে এনে দিয়েছেন ৫১ রানের দুর্দান্ত এক জয়। অথচ মোহামেডানের পুঁজি ছিল মাত্র ১৩৫ রান।
শেষ পর্যন্ত তাইজুল বাঁচালেও মোহামেডান নিজেদের ব্যাটিং নিয়ে নতুন করে নিশ্চয়ই ভাববে। আসিফ হাসান রাতুলের ঘূর্ণিতে ৪৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে মোহামেডান ৩৯.৪ ওভারে অলআউট হয়। কিন্তু এই রানটাই রূপগঞ্জের সামনে পর্বতসমান হয়ে যায় তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে। ৫৩ রানের মধ্যে রূপগঞ্জের প্রথম যে ৬ উইকেট পড়েছে প্রতিটিই তাইজুলের। ১০ ওভার বোলিং করে ২৪ রানে ৬ উইকেট নিয়ে একাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। শেষ পর্যন্ত ৩২.৪ ওভারে রূপগঞ্জ অলআউট ৮৪ রানে।
বিকেএসপির আরেক মাঠে হওয়া লো স্কোরিং ম্যাচে আবাহনী জিতেছে ৬ উইকেটে। শুভাগত হোমের দারুণ বোলিংয়ে ৪৫.৫ ওভারে কলাবাগান ক্রীড়াচক্র অলআউট ১৫৬ রানে। সাইফ হাসানের ফিফটিতে ৩০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।