
প্রায় দুই বছর পর দলে ফিরেছেন নাসির হোসেন। দুই সিরিজ পর শফিউল ইসলাম। শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর ফেরা হয়নি এবারও। তবে এসব নিয়ে বলতে গেলে কোনো আলোচনাই নেই। সব আলোচনাই মুমিনুল হককে ঘিরে।
এতটাই যে, গতকাল দুপুরে মিরপুর স্টেডিয়ামে নির্বাচকদের সংবাদ সম্মেলনে উপস্থিত যে কারও মনে হতেই পারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা নয়, সংবাদ সম্মেলনের বিষয় বোধ হয় ‘মুমিনুল কেন বাদ?’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের দুই পাশে হাবিবুল বাশার ও চন্ডিকা হাথুরুসিংহে। প্রথমজন শুধুই নির্বাচক। দ্বিতীয়জনের মাথায় বাংলাদেশ দলের কোচ ও নির্বাচকের ‘দ্বিমুকুট’। বকলমে তিনিই ‘প্রধান নির্বাচক’ কিনা, অনেক দিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে যা মুখরোচক আলোচনার বিষয়।
মিনহাজুল একে একে প্রথম টেস্টের জন্য নির্বাচিত ১৪ জনের নাম বলে গেলেন।
এরপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। বলা ভালো, শুরু হলো নির্বাচকদের উদ্দেশে সাংবাদিকদের প্রশ্নবাণ! বিষয় ওই একটাই—মুমিনুল কেন বাদ?
যাতে একটুও অস্বাভাবিকত্ব নেই। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় তাঁর (৪৬.৮৮)। একটা সময় যা ছিল শুধু স্যার ডন ব্র্যাডম্যানের অত্যাশ্চর্য ওই গড়ের (৯৯.৯৪) পর দ্বিতীয় সর্বোচ্চ। টানা সর্বোচ্চ টেস্টে ফিফটি করার বিশ্ব রেকর্ডটা অল্পের জন্য ছুঁতে পারেননি। এবি ডি ভিলিয়ার্সের টানা ১২ টেস্টে ফিফটি আছে। মুমিনুল টানা ১১ টেস্টে ফিফটি করার পর ১২ নম্বর টেস্টে ৩০ রানে আউট হয়ে গেছেন। ভারতের বিপক্ষে ওই টেস্টে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস খেলার সুযোগ মেলেনি। এমন যাঁর রেকর্ড, দুটি টেস্টে খারাপ করার পরই তাঁকে বাদ দিয়ে দিলে প্রশ্ন তো উঠবেই।
বাদ পড়া অবশ্য এই প্রথম নয়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্টের একাদশেও ছিলেন না মুমিনুল। তবে ২০১৩ সালের মার্চে টেস্ট অভিষেকের পর স্কোয়াড থেকে বাদ পড়া এবারই প্রথম। যেটির ব্যাখ্যা হিসেবে মিনহাজুল আবেদীন পরিসংখ্যানের আশ্রয় নিলেন। মনে করিয়ে দিলেন, এ বছর খেলা তিন টেস্টের ৬ ইনিংসে মুমিনুলের মাত্র ১টি হাফ সেঞ্চুরি। তুলনায় সৌম্য সরকার ও ইমরুল কায়েসের রেকর্ড কত ভালো, সেটিও উল্লেখ করতে ভুললেন না। কিছুক্ষণ পর মুমিনুলকে নিয়েই আরেকটি প্রশ্নের উত্তরে বললেন, ‘একটা ব্যাটসম্যান যদি ধারাবাহিকভাবে চার-পাঁচ ম্যাচে রান না করে, তাহলে তার আত্মবিশ্বাসে কিন্তু ঘাটতি থাকে।’
মিনহাজুলের এই কথার সঙ্গে কে দ্বিমত করবে! কিন্তু উদাহরণটা যে মুমিনুলের ক্ষেত্রে একেবারেই খাটছে না। ধারাবাহিকভাবে চার-পাঁচ ম্যাচে রান না করার পর মুমিনুল বাদ পড়লে এটা নিয়ে এত হইচই হতো না। মুমিনুল তো রান পাননি মাত্র দুটি টেস্টে। এর আগের দুই টেস্টেই তো তাঁর দুটি হাফ সেঞ্চুরি আছে।
মুমিনুলকে নিয়ে প্রশ্নের জবাব দিতে দিতে কখনো বিরক্ত, কখনো বা একটু উত্তেজিত হয়ে মিনহাজুল যেভাবে একাধিকবার কোচের কোর্টে বল ঠেলে দিলেন, তাতে মনে হতেই পারে, সিদ্ধান্তটা হাথুরুসিংহেই নিয়েছেন। একবার তো এমনও বলে ফেললেন, ‘(এখানে) আমাদের হেড কোচ আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন।’
হাথুরুসিংহেকে যে পাঁচ-ছয়টি প্রশ্ন করা হলো, তারও মাত্র একটিই মুমিনুল-সংক্রান্ত নয়। সব খেলোয়াড়ের জন্য একই নিয়ম প্রযোজ্য হচ্ছে কি না—এমন একটা বিব্রতকর প্রশ্নেরও উত্তর দিতে হলো তাঁকে। ইঙ্গিতটা সৌম্য সরকারের দিকে। মাঝখানে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া সৌম্য যেভাবে কোচের সমর্থন পেয়েছেন, মুমিনুলও তা পেয়েছেন কি না, এই প্রশ্নটা তো ওঠারই কথা। হাথুরুসিংহে নির্বাচনে ধারাবাহিকতা রক্ষার গুরুত্ব বোঝালেন, সবাইকে একইভাবে বিচার করা হয় বলে দাবি করলেন। বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচে যাঁরা খেলেছেন, তাঁরা ভালো করেছেন মনে করিয়ে দিয়ে বললেন, বাকিদের অপেক্ষা করতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচটি ছিল বাংলাদেশের শততম টেস্ট। সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত বাংলাদেশ যাতে লিখেছিল প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প। সেই টেস্টে যাঁরা খেলেছিলেন, তাঁদের সবাই কিন্তু এবারের দলে নেই। মুমিনুলময় সংবাদ সম্মেলন থেকে বেরোনোর অনেক পর কারও কারও মনে পড়ল, ওই টেস্টে খেলেছিলেন ফাস্ট বোলার শুভাশিস রায়ও। খুব একটা খারাপও করেননি। অথচ তাঁর কথা কিনা কারও মনেই নেই! ১৪ জনের দলেও মুমিনুলের জায়গা না পাওয়ার বিস্ময়ে যে আড়াল হয়ে গেছে বাকি সবই!
প্রথম টেস্টের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।