১৪ বছরে বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, আর বাংলাদেশ?

১৯৮২ থেকে ১৯৯৬। খুব দূরের পথ কি? মাঝখানে ১৪টা বছর। ১৯৮২ সালের ১৭ ফেব্রুয়ারি টেস্ট অভিষেকের মাধ্যমে যে নতুন পথে যাত্রা শুরু করেছিল শ্রীলঙ্কা, সেই যাত্রা পূর্ণতা পেয়েছে ১৯৯৬ সালের ১৭ মার্চ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লঙ্কান সিংহরা যখন গর্জন করে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে, দেখো, আমরা বিশ্বসেরা! আমরা বিশ্বচ্যাম্পিয়ন!
টেস্ট অভিষেক পাওয়ার পর বাংলাদেশও ১৪ বছর পেরিয়ে এল। কতটা এগোল বাংলাদেশের ক্রিকেট?
এগিয়েছে তো অবশ্যই। কিন্তু প্রশ্ন হলো, সেই এগিয়ে যাওয়াটা যথেষ্ট কিনা। বিশ্ব ক্রিকেটের বন্ধুর পথের সার্থক পথিক কি হতে পেরেছে বাংলাদেশ? কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়?
সামগ্রিক চিত্রটা আপনাকে হতাশ করতে পারে। টেস্ট অভিষেকের পর ২৫৪টা ওয়ানডে খেলে বাংলাদেশ হেরেছে সিংহভাগ। ৮২ জয়ের বিপরীতে চোখে অস্বস্তির খচখচানি এনে দিচ্ছে ১৬৭ পরাজয়। জয়ের হার পঞ্চাশ শতাংশেরও কম। ৮৮ টেস্ট খেলে মাত্র ৭ জয়, আর ৭০ পরাজয়ের গল্পটা না হয় আপাতত এই বিশ্বকাপের ডামাডোলে আমরা বরং চোখ এড়িয়েই যাই!
হারের এই জঞ্জালের ভেতর থেকেও সাফল্যের সোনার নুড়িপাথর আপনি কুড়িয়ে নিতে পারেন। এই ১৪ বছরের পথচলায়, কিংবা ১৯৯৯ বিশ্বকাপে যাত্রা শুরু ধরে যদি সেটা দেড় দশকেরও বিবেচনা করেন, বাংলাদেশ মাঝেমধ্যেই পুরো বিশ্বকে চোখ ফেরাতে বাধ্য করেছে বৈকি। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই পাকিস্তানকে হারানো। ২০০৭ বিশ্বকাপে ভারতকে বিদায় করে দিয়ে সুপার এইট, সেখানে দক্ষিণ আফ্রিকা–বধ। গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো। কিন্তু এই টুকরো টুকরো সাফল্যের ছবিগুলো জিগস পাজল মেলানোর মতো পুরো একটা ছবি হয়ে ওঠেনি কখনো।
বিশ্বকাপের বাইরেও বাইরেও বাংলাদেশের সাফল্য আছে। অস্ট্রেলিয়াকে হারানো, ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাঠে, নিউজিল্যান্ডকে দুবার বাংলাওয়াশ...। সবচেয়ে বড় সাফল্য সম্ভবত মাত্র ২ রানের জন্য এশিয়া কাপ জিততে না পারা। কিন্তু বানরের পিচ্ছিল বাঁশ বেয়ে ওঠার পাটীগণিতের অঙ্কটা যে আজও মেলানো গেল না! ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে বাদ দিলে, এক নিউজিল্যান্ড ছাড়া সেরা আট দলের বিপক্ষে কখনোই ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ।
শ্রীলঙ্কাকে দিয়েই তুলনা করুন। সেরা আট দলের বিপক্ষে প্রথম ৫ বছরে শ্রীলঙ্কার জয়ের হার ছিল ২০ শতাংশ, সেখানে বাংলাদেশের জয়ের হার ৫ শতাংশ। ৬–১০ বছরে নিজেদের আরও একটু এগিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা (২৩ শতাংশ)। সেখানে বাংলাদেশ একধাপ পিছিয়েছে (৪ শতাংশ)। ১১–১৫ বছরে অবশ্য বাংলাদেশ ‘বেশ উন্নতি’ করে ১৯ শতাংশে নিয়ে আসে। শ্রীলঙ্কা ধারাবাহিকতা ধরে রাখে (২৩ শতাংশ)। কিন্তু ১৬–২০ বছরের মধ্যে শ্রীলঙ্কার উন্নতিটা যেখানে স্পষ্ট ছিল (৪০ শতাংশ), সেখানে বাংলাদেশের উন্নতি যেন কচ্ছপ–সওয়ারী (২৮ শতাংশ)।
বাংলাদেশ অবশ্য এর মধ্যেই গরিব ঘরের রাজপুত্র হিসেবে সাকিব আল হাসানকে পেয়েছে। কিন্তু শ্রীলঙ্কার ভারটা যেখানে অরবিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গা, মারভান আতাপাত্তুরা একসঙ্গে বয়েছেন, সেখানে এক ‘সাকিব’কে বহুবচনে লেখার সুযোগ কোথায়?
শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারেনি? ছোট্ট একটা উত্তরই যথেষ্ট। শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট যতটা গুরুত্বের সঙ্গে খেলা হয়, তার অর্ধেক ‘সিরিয়াসনেস’ও নেই আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে।
কিন্তু আমরা কি কচ্ছপের পিঠেই বসে থাকব?