১৪৮ করেই নিশ্চিন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার ইনিংসে প্রথম ওভারের শেষ বলে আউট হয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স, বাংলাদেশের ইনিংসে তামিম ইকবালও তা-ই। দক্ষিণ আফ্রিকা শুরুর ওই ধাক্কা সামলে নিতে পারলেও বাংলাদেশ তা পারেনি l শামসুল হক
দক্ষিণ আফ্রিকার ইনিংসে প্রথম ওভারের শেষ বলে আউট হয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স, বাংলাদেশের ইনিংসে তামিম ইকবালও তা-ই। দক্ষিণ আফ্রিকা শুরুর ওই ধাক্কা সামলে নিতে পারলেও বাংলাদেশ তা পারেনি l শামসুল হক

ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ২১ বলে ৩১ রান। পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাটিং করলেন রাইলি রুশো। দক্ষিণ আফ্রিকা পৌঁছাল ১৪৮ রানে। টি-টোয়েন্টিতে এটি নির্ভার হওয়ার মতো স্কোর নয়। তবে জয়ের জন্য এটিকেই যথেষ্টই মনে হয়েছে রুশোর কাছে,‘পরিসংখ্যান দেখে এই মাঠে ১৫০ রানই দিনের ম্যাচে ভালো রান মনে হয়েছে আমাদের। সুতরাং জয়ের খুব ভালো সুযোগ দেখেছি আমরা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ধীর হয়েছে এবং টার্ন করেছে। এটা আমাদের জন্য কিছু সহায়ক হয়েছে। আমরা খুবই ভালো বল করেছি।’
কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে শুধু নিজেদের স্পিনার নয়, বাংলাদেশ দলের স্পিনারদেরও প্রশংসা করেছেন বাঁহাতি ব্যাটসম্যান, ‘দুই দলের স্পিনাররাই সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমরা ভাগ্যবান ছিলাম, দ্বিতীয় ইনিংসে বলটা আরও বেশি টার্ন করেছে।’
দ্রুত ২ উইকেট পড়ে গেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ততক্ষণে ফিরে গেছেন আধুনিক ক্রিকেটের মূর্তিমান আতঙ্ক এবি ডি ভিলিয়ার্স ও মারকুটে ওপেনার কুইন্টন ডি কক। বিপর্যয় সামলে ডু প্লেসি খেললেন অপরাজিত ৭৯ রানের ইনিংস। এই ইনিংসের অকুণ্ঠ প্রশংসা রুশোর কণ্ঠে, ‘সে দুর্দান্ত খেলেছে। ইনিংসটা টেনে নিয়েছে নিজস্ব গতিতে। ইনিংসের শেষ পর্যন্ত আমরা যেকোনো একজন টিকে থাকতে চেয়েছিলাম।’
কালকের টি-টোয়েন্টি ম্যাচটি দিয়েই শুরু হলো সিরিজ। তাতে অনায়াস জয়। তারপরও বাংলাদেশে বাংলাদেশ দলের সঙ্গে খেলা কঠিন মনে করছেন আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা ক্রিকেটার, ‘তারা নিজেদের কন্ডিশনটা ভালোভাবে জানে এবং সব সময়ই দর্শক সমর্থন পেয়ে আসছে। জিততে গেলে আমাদের আটঘাট বেঁধেই খেলতে হবে।’