১৫ উইকেটের নাটকীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু ব্যাটে-বলে নয়, লড়াই হয়েছে মুখে-মুখেও। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে কাল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ আর ভারতের ইশান্ত শর্মার তেমনই এক বাগ্‌যুদ্ধ l এএফপি
শুধু ব্যাটে-বলে নয়, লড়াই হয়েছে মুখে-মুখেও। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে কাল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ আর ভারতের ইশান্ত শর্মার তেমনই এক বাগ্‌যুদ্ধ l এএফপি

একই দিনে দুটি রেকর্ডে তাঁর নাম। তাতেই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা হয়ে গেল চেতেশ্বর পূজারার। প্রথম দিন সকালে ভারতীয় ইনিংস শুরু করেছিলেন লোকেশ রাহুলের সঙ্গে। কাল তৃতীয় দিনে ভারত অলআউট হওয়ার সময় পূজারা অপরাজিত ১৪৫। টেস্ট ক্রিকেট ৪৯তম বারের মতো দেখল ইনিংসের আদ্যন্ত ব্যাটিং করার কীর্তি। তাঁর আগে যা করতে পেরেছেন ৪২ জন ব্যাটসম্যান। ভারতীয়দের মধ্যে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের। গর্ব করার মতোই তো! সেই পূজারাই দ্বিতীয় ইনিংসে আউট হলেন কোনো রান করার আগেই। একই টেস্টে ব্যাট ‘ক্যারি’ করার পর শূন্য রানে আউট হওয়ার ঘটনা এই প্রথম।
একই দিনে পূজারার দুবার ব্যাট করতে নামাই বলছে, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বোলারদের দাপট চলছে। আরও নির্দিষ্ট করে বললে সেই দাপট পেসারদের। এসএসসির উইকেটের চিরাচরিত ব্যাটিংবান্ধব চরিত্রের সঙ্গে যা কিছুটা বেমানান বৈকি! কাল তৃতীয় দিনে ১৫ উইকেট পড়েছে মাত্র ৬৫.১ ওভারে, এর মধ্যে ১১টিই পেসারদের। উপমহাদেশের উইকেটে পেসারদের এমন দিন সর্বশেষ যে কবে এসেছিল!
টপাটপ উইকেট পড়ায় ম্যাচও রং বদলেছে ক্ষণে ক্ষণে। আগের দিনের ৮ উইকেটে ২৯২ রানের সঙ্গে কাল সকালে আর ২০ রান যোগ করতে পেরেছে ভারত। জবাব দিতে নেমে সাঙ্গাকারা-পরবর্তী যুগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো। মাত্র ৪৭ রানে পড়ে গেল ষষ্ঠ উইকেট। পরের বলেই ইশান্ত শর্মার বাউন্সারে হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন ধাম্মিকা প্রসাদ। এই মহাবিপর্যয়ের মধ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন কুশল পেরেরা ও রঙ্গনা হেরাথ। দুজন মিলে গড়লেন ৭৯ রানের জুটি। টেস্টে ৫০ রানের নিচে ৬ উইকেট পড়ে যাওয়ার পর সপ্তম উইকেটে এটা তৃতীয় সর্বোচ্চ জুটি। পরে প্রসাদও নেমে ২৭ রানের একটি ইনিংস খেলায় শেষ ৪ উইকেটে শ্রীলঙ্কা তোলে ১৫৪ রান। টেস্টে ১২ ইনিংস পর ৫ উইকেটের দেখা পান শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার মূল নায়ক ইশান্ত শর্মা।
প্রথম ইনিংসে ১১১ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতের শুরুটাও হলো দুঃস্বপ্নের মতো। ৫.২ ওভারে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান নেই, স্কোরবোর্ডে মাত্র ৭ রান! এই টেস্ট আরও কী নাটকীয়তা জমিয়ে রেখেছে, কে জানে! তথ্যসূত্র: সনি সিক্স।