১৫ এপ্রিল আসছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশয়ের মেঘ সরে গিয়েছিল আগেই। গত পরশুই জানা গেছে, পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিশ্চিত হয়েছে। কাল জানা গেল পাকিস্তানের আসার তারিখও। বাংলা নববর্ষের পরদিন, আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে কাল বাংলাদেশের মতোই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটি। তারা বাংলাদেশে খেলবে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ। ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তবে কোন ম্যাচ কবে হবে এবং কোথায় হবে, এসব চূড়ান্ত হয়নি এখনো। কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছে, ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করার। সে ক্ষেত্রে ২২ এপ্রিল হতে পারে প্রথম ওয়ানডে। তবে ভিন্ন চিন্তাও আছে। ম্যাচসূচি চূড়ান্ত হবে শিগগিরই। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘বোর্ডপ্রধান নাজমুল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে, পাকিস্তান সফরে আসছে বলে নিশ্চিত করেছেন উনি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ এপ্রিল বাংলাদেশ আসছে পাকিস্তান।’ সবশেষ ২০১১ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। এরপর খেলতে এসেছে ২০১২ ও ২০১৪ এশিয়া কাপ ও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে।