১৫ কোটি রুপির চুক্তিও ছাড়তে হতে পারে কামিন্সকে

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলীয় ক্রিকেটারদের আইপিএলে না খেলতেই পরামর্শ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বব্যাপী এ মহামারির কারণে এরই মধ্যে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দামি টি-টোয়েন্টি লিগ
করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়েই। থমকে গেছে সারা পৃথিবীর খেলাধুলা। ইউরোপের লিগগুলো বন্ধ। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গেছে ক্রিকেটের সবচেয়ে দামি ও অর্থকরী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ-আইপিএল। খবর এসেছ, আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের অনুশীলন ক্যাম্প বন্ধ করে দিয়ে খেলোয়াড়দের বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছেন। এমন অবস্থায় ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলীয় ক্রিকেটারদের তাদের আইপিএল চুক্তি থেকে বিরত থাকার কথা বলছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় পত্রিকায় এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়েছে। আইপিএল চুক্তি থেকে বিরত থাকার বিষয়ে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ জারি করেনি। খেলোয়াড়দের এ ব্যাপারে পরামর্শই দেওয়া হয়েছে। ভারতে এরই মধ্যে ১২০ জন করোনা-আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজনের মৃত্যুর খবরও এসেছে। অস্ট্রেলীয় ক্রিকেটারদের বলা হয়েছে, যেহেতু আইপিএলে তারা ব্যক্তিগতভাবে চুক্তিবদ্ধ, তাই এখনই তাদের উচিত সিদ্ধান্ত নিয়ে নেওয়া তারা এবারের আসরে খেলবেন কি খেলবেন না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস এ ব্যাপারে বলেছেন, ‘আমরা কেবল ক্রিকেটারদের পরামর্শই দিতে পারি। আমি নিশ্চিত ক্রিকেটাররা এ পরিস্থিতিতে নিজেদের সেরা সিদ্ধান্তটাই নেবেন।’
এবারের আইপিএলে ১৭ জন অস্ট্রেলীয় ক্রিকেটার চুক্তিবদ্ধ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে এরই মধ্যে পেসার প্যাট কামিন্স, ব্যাটসম্যান স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে আইপিএলের লোভনীয় চুক্তি ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কামিন্স এবার কলকাতা নাইটরাইডার্সের সঙ্গে সাড়ে ১৫ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই করোনাভাইরাসের কারণে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড বন্ধ ঘোষণা করেছে। শীর্ষে থাকা নিউ সাউথ ওয়েলসকে ঘোষণা করে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন।