১৫ তলার বারান্দা থেকে চাহালকে ফেলে দিতে চেয়েছিলেন আইপিএলের ক্রিকেটার

যুজবেন্দ্র চাহালছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের ভেতর হোক বা বাইরে, খুনসুটিতে যুজবেন্দ্র চাহালের জুড়ি মেলা ভার। মাঠে সতীর্থদের সঙ্গে রসিকতা করা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা—চাহালের সরব উপস্থিতি সর্বত্র। কখনো কখনো এই রসিকতা ভাঁড়ামোর পর্যায়েও চলে যায়। তখন কোহলি, গেইল, ডি ভিলিয়ার্স ও পিটারসেনদের মতো তারকাদের বিরক্তির কারণও হন এ লেগ স্পিনার।

ইনস্টাগ্রামে চাহালকে ‘ভাঁড়’ বলে মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। ক্রিস গেইল খেপে গিয়ে চাহালকে অত্যন্ত বিরক্তিকর তকমা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ব্লক করারও হুমকি দিয়েছেন। তাতে চাহালের তেমন কিছু যায়–আসেনি। নিজের রসিকতা চালিয়ে গেছেন সমানতালে।

এখন রাজস্থানের ভরসার প্রতিদান দিচ্ছেন চাহাল
ছবি : আইপিএল

তবে সারাক্ষণ হাসিখুশি থাকেন বলে চাহালের জীবনে যে ভীতিজাগানো অভিজ্ঞতা নেই, তেমন নয়। সে অভিজ্ঞতার পরেও চাহাল যে সবসময় হাসিখুশি থাকেন, তা দেখে আশ্চর্য হতেই হবে।

কী সেই অভিজ্ঞতা? চাহাল নিজেই জানিয়েছেন সেটা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রাজস্থান রয়্যালস একটা ভিডিও পোস্ট করেছে। সতীর্থ করুণ নায়ার আর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলাপচারিতায় সেই ভিডিওতে নিজের ওই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন চাহাল। জানিয়েছেন, এক মাতাল ক্রিকেটার তাঁকে ১৫ তলা থেকে ফেলে দিতে চেয়েছিলেন!

বাকিটা চাহালের মুখ থেকেই শোনা যাক, ‘আমার এই কাহিনি কিছু মানুষ জানে। কিন্তু কখনই খোলাখুলিভাবে এ নিয়ে কথা বলিনি। প্রকাশ করিনি এ ঘটনা। ২০১৩ সালে আমি মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ছিলাম। বেঙ্গালুরুতে একটা ম্যাচ খেলতে গিয়েছিলাম। ম্যাচের পর একটি পার্টির আয়োজন করা হয়েছিল সেদিন। একজন মাতাল বিদেশি খেলোয়াড় ছিলেন, আমি তাঁর নাম নেব না, দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এরপর তিনি আমাকে ডাকলেন, বাইরে নিয়ে গেলেন। এরপর আমাকে ধরে বারান্দায় নিয়ে গিয়ে আমাকে বাইরে ঝুলিয়ে রাখলেন!’

বারান্দায় চাহাল যে অবস্থায় ছিলেন, হাত একটু ফসকে গেলেই ১৫ তলা থেকে পড়ে যেতেন তিনি, ‘আমি কোনোভাবে তাঁকে ধরে রেখেছিলাম। কোনোভাবে আমার হাত যদি ফসকে যেত, বুঝতেই পারছেন। আমি ১৫ তলার বারান্দায় ছিলাম।’

মাঝে বেশ কয়েক বছর বেঙ্গালুরুতে খেলেছেন চাহাল
ফাইল ছবি

এরপর মানুষজন এসে চাহালকে বাঁচিয়েছেন, ‘এরপরেই অনেক মানুষ এসে আমাকে উদ্ধার করেন, পরিস্থিতি শান্ত করেন। আমি প্রায় অজ্ঞান হয়েই গিয়েছিলাম। আমার মুখে পানি ছিটানো হলো। তখনই আমি বুঝলাম, কোথাও চলে যাওয়ার আগে অনেক ভেবেচিন্তে যেতে হয়। সেবার বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম। একটুও ভুল যদি হতো সেদিন, আমি ১৫ তলা থেকে পড়ে যেতাম।’

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘুরে এখন নাম লিখিয়েছেন রাজস্থান রয়্যালসে। বহু বছর ধরে নির্ভরতার সঙ্গে বিরাট কোহলিদের স্পিন আক্রমণ সামলানো চাহালের ওপর এবার আর বেঙ্গালুরু ভরসা রাখেনি। আর সে সুযোগটাই নিয়েছে রাজস্থান। চাহালও তাঁর ওপরে রাখা রাজস্থানের ভরসার প্রতিদান দিচ্ছেন। ৩ ম্যাচে ওভারপ্রতি ৫.২৫ রান দিয়ে ৭ উইকেট পেয়েছেন।