১৫ বছরের আফগান যাচ্ছে অস্ট্রেলিয়া কাঁপাতে
ইমরান তাহিরের সঙ্গে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের চুক্তি করা কোনো চমক নয়। ৪১ বছর বয়সেও টি-টোয়েন্টির অন্যতম কার্যকর বোলার দক্ষিণ আফ্রিকার স্পিনার। তবে তাহিরকে বড়দিনের আগে পাচ্ছে না দলটি। এ কারণেই আরেকজন স্পিনারের সঙ্গে চুক্তি করেছে মেলবোর্ন রেনেগেডস। আর এই চুক্তিটাই অসাধারণ এক গল্প।
রেনেগেডসের নতুন স্পিনার নুর আহমাদ। বয়স মাত্র ১৫ বছর। অনায়াসেই তাহিরের ছেলে বলে চালিয়ে দেওয়া যায় নুর আহমাদকে। আফগানিস্তানের বাঁহাতি কবজির এই স্পিনারই কিনা বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় লড়বে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়ের সঙ্গে!
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে সর্বশেষ সাফল্যের গল্প নুর আহমাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নুরের পা ফেলাটা তাঁর দুই আদর্শ রশিদ খান ও মোহাম্মদ নবীকে ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।
সাত ভাই–বোনের পরিবারে নুর আহমাদ বেড়ে উঠেছে নিজের ভাইদের সঙ্গে ক্রিকেট খেলে। বিবিসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘খোস্তে আমরা যেখানে থাকতাম, সেখানে আমি আমার বড় ভাইদের সঙ্গে ক্রিকেট খেলতাম। টেলিভিশনে জাতীয় দলের খেলা দেখতে দেখতে স্বপ্ন দেখতাম, একদিন আমিও এখানে থাকব।’
নিজের প্রতিভা সম্পর্কে সেই ছোট বয়সেই জানতে পেরে গিয়েছিল নুর আহমাদ। বিবিসি স্পোর্টসকে সে গল্পই শোনাল আফগান এই স্পিনার, ‘আমি ছোটবেলায় আমার ভাই বা অন্য যে মানুষদের সঙ্গেই খেলেছি, সবার ছোট ছিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝে গেছি, আমার বল খেলতে অন্যদের খুব সমস্যা হয়।’
নুর আহমাদের প্রতিভা সম্পর্কে জানতেন তাঁর ভাইয়েরাও। সেই জানা-বোঝাটাই আসলে বদলে দিয়েছে নুর আহমাদের জীবন। ১৫ বছর বয়সী স্পিনার বলে চলে, ‘আমার ভাইদের একজন পরামর্শ দেয়, আমি যেন স্থানীয় একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হই। সেই ভাই আমার প্রতিভাটা দেখতে পেয়েছিলেন। আল্লাহ আমাকে একটা উপহার দিয়েছেন। আর আমার এই প্রতিভার পুরোটাই প্রকৃতিদত্ত।’
আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের চার বছর পর আহমাদের জন্ম। সেই সময়কার যুদ্ধ যুদ্ধ খেলার কোনো প্রভাব তার শৈশবে পড়েছে কি না, এখন সেটাও মনে করতে পারে না আহমাদ।
লেগ স্পিনার রশিদ খানের মতো নুর আহমাদও গতি দিয়ে বল করে। ১৪ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে নুর আহমাদের। গত বছরই প্রথম খেলেছে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সেই টুর্নামেন্টে খেলার সময়ই রেনেগেডসের নজরে আসে সে। আহমাদের এজেন্ট রিচার্ড সিডেনহ্যাম বলেন, ‘প্রায় এক বছর ধরে নুরকে নজরে রেখেছে রেনেগেডস। তাকে একটা সুযোগ দিতে চেয়েছে দলটি।’ আইপিএলের নিলামেও ছিল আহমাদের নাম।
রেনেগেডসেই খেলেন নুর আহমাদের আদর্শদের একজন মোহাম্মদ নবী। এটা তার জন্য দলটিতে মানিয়ে নেওয়ার কাজটা আরও সহজ করে দেবে বলেই মনে করেন অনেকে। তবে এত অল্প বয়সে বিগ ব্যাশের দলের সঙ্গে চুক্তি করেই যে ক্রিকেট ক্যারিয়ারে নুর আহমাদ প্রথম আলোচনায় এসেছে, বিষয়টি তা নয়। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মানকাড আউট করে আলোচনায় এসেছিল আফগান কিশোর।
বিতর্কিত সেই আউট সে করেছিল পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হুরায়রাকে।
প্রসঙ্গটি উঠতে যেন একটু লজ্জাই পেল নুর আহমাদ। আগের তুলনায় এখন অনেক পরিণত বলে দাবি তার। আর এমন আউট ভবিষ্যতে আর কখনো করবে না বলেও জানিয়েছে নুর আহমাদ।