১৫ বলের ঝড়ে এলোমেলো নিউজিল্যান্ড

ব্রেন্ডন ম্যাককালামের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। দারুণ পারফরম্যান্সেই অধিনায়ককে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় জানানোরও ইচ্ছা ছিল নিউজিল্যান্ড দলের। কিন্তু ১৫ বলের এক ঝড়ে কিউইদের সে আশায় জল ঢেলেছে অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমে যে দল ১৯ ওভারে ১ উইকেটে ১২৩ রান নিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল, তারাই কিনা গুটিয়ে গেল মাত্র ২৪৬ রানে! নিউজিল্যান্ডের শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ১৫ বলের ব্যবধানে।
ম্যাককালাম তাঁর বিদায়ী ম্যাচে একটা বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু সেটির অপমৃত্যু হয়েছে ৪৭ রানেই। মার্টিন গাপটিল আর গ্রান্ট এলিয়টের ব্যাট থেকে দুটো ফিফটি অবশ্য এসেছে, কিন্তু সেই ইনিংস দুটোও শেষ হয়েছে অকালেই। কেন উইলিয়ামসন আর হেনরি নিকোলস দুজনেই করেছেন ১৮ করে। কোরি অ্যান্ডারসনের ২৭ রানের ইনিংসটিও অপূর্ণতার গল্প।
টপ অর্ডার মোটামুটি বড় সংগ্রহের দিকে দলকে পথ দেখালেও লেজের ব্যর্থতায় নিউজিল্যান্ডের লক্ষ্যটা পূর্ণতা পায়নি। লুক রনকি, ডগ ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি ও ইশ সোধিদের চূড়ান্ত ব্যর্থতায় কিউইদের সংগ্রহটা আড়াইশও পেরোয়নি।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার ছিলেন মিচেল মার্শ। ৩৪ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। জশ হ্যাজেলউড, জন হেসটিংস, স্কট বোল্যান্ড তুলে নেন ২টি করে উইকেট। অ্যাডাম জামপা পেয়েছেন ১ টি। সূত্র: এএফপি।