১৫ ম্যাচ উইনারের দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা স্কোয়াডের ১৫ জনই যদি হয় ম্যাচ উইনার, তাহলে দলটা কেমন হবে? এই প্রশ্নে কারও কারও চোখের সামনে ভেসে উঠতে পারে আশির দশকের ওয়েস্ট ইন্ডিজ দল। গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস..., বিশ্বমানের সব ক্রিকেটারে ভরা ছিল দলটি। এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও ১৫ জন ম্যাচ উইনারের একটা দল আছে বলে দাবি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির। দলের দিকে তাকিয়ে তাঁর মনে পড়ে যাচ্ছে সত্তর-আশির দশক বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরানো ক্যারিবীয় দলের কথা, ‘বিশ্ব ক্রিকেটে ১৭ বছর রাজত্ব করেছি আমরা। এখন আমরা এটা করছি টি-টোয়েন্টিতে। আমাদের দলের ১৫ জনই ম্যাচ উইনার।’
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবশ্য ২ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী গেইলদের এবারও হিসাবে রাখতে হবে। ২০১২ সালের সাফল্যের পুনরাবৃত্তি এবারও ঘটাতে চান স্যামি, ‘ক্রিকেটের এই সংস্করণে ভালো করার ব্যাপারে আমরা সত্যিই আশাবাদী। ড্রেসিংরুমে যখন আমাদের দারুণ সব খেলোয়াড়ের দিকে দেখি, অধিনায়ক হিসেবে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। মাঠে গিয়ে কী করতে হবে, এটা আমাকে তাদের বলে দিতে হয় না। তারা জানে, কখন কী তাদের করা লাগবে।’ দ্য ডন।