১৫ রানের জন্য রেকর্ডটা হলো না ভিলিয়ার্সের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত কাছে, তবু কত দূরে। আউট হয়ে ফিরে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। ছবি: এএফপি
কত কাছে, তবু কত দূরে। আউট হয়ে ফিরে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। ছবি: এএফপি

উপলক্ষটা বেশ বড়, মঞ্চটাও প্রস্তুত করে ফেলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। দলের বিপদে ভারতীয় বোলারদের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছিলেন আবরও এক স্পিনের বিষমাখা উইকেটে। কিন্তু ঋদ্ধিমান সাহার অভাবনীয় এক ক্যাচের শিকার হয়ে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হলো। নিজের শততম টেস্টে সেঞ্চুরি পাওয়ার সুযোগটি তাই আপাতত হাতছাড়া এবি ডি ভিলিয়ার্সের।
আর ১৫টা রান করতে পারলেই কাউড্রে, মিয়াঁদাদ, গ্রিনিজ, ইনজামাম, পন্টিংদের পাশে নাম উঠে যেত এবির। শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি আছে মাত্র সাতজনের। এর মধ্যে পন্টিং নিজের শততম টেস্টে করেছিলেন জোড়া সেঞ্চুরি। এবির সামনে অবশ্য আরও একটা ইনিংসের সুযোগ থাকছে প্রথম ইনিংসের ১৫ রানের আক্ষেপ ঘোচানোর।
ভিলিয়ার্সের এই উইকেটটিই বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনেই চালকের আসনে বসিয়ে দেয় ভারতীয় দলকে। ২১৪ রানে অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে ৮০ রান তুলেও ফেলেছে ভারত।
মোহালির উইকেট নিয়ে অনেক কথা হওয়ার পর বেঙ্গালুরুতে বধ্যভূমি ভারত বানাবে না বলেই শোনা যাচ্ছিল। কিন্তু প্রোটিয়াদের অতটা আতিথ্য দেওয়ার মতো উদার হয়নি ভারত। মোহালির মতো না হলেও বেঙ্গালুরুতেও স্পিন ধরছে প্রথম দিন থেকেই। তবে উইকেটে না যতটা, তার চেয়ে বেশি যেন স্পিনের ভয় বেশি দক্ষিণ আফ্রিকার মনেই।
দিনের অষ্টম ওভারেই আক্রমণে রবিচন্দ্রন অশ্বিন। এই অশ্বিনই শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দেন রবীন্দ্র জাদেজাও। দুজনই মিলে তুলে নিয়েছেন চার-চার আটটি উইকেট। গত টেস্টে জোড়া শূন্যে আউট হওয়া শিখর ধাওয়ান অপরাজিত আছেন ৪৫ রানে, বিজয়ের নামের পাশে ২৮। ১৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা আর কক্ষপথে ফিরে আসতে পারেনি। দলের সর্বোচ্চ ৩৯ রানের জুটিটি হয়েছিল ষষ্ঠ উইকেট জুটিতে। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে নবম উইকেট জুটিতে—৩৭। ডি ভিলিয়ার্সের ৮৫-র পর প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ এলগারের ব্যাটে। আর একজনই ২০ পেরোতে পেরেছেন, সেটিও দশে নামা মরকেল!
এক প্রান্তে দাঁড়িয়ে থেকে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখতে থাকা ডি ভিলিয়ার্স একাই লড়ে যাচ্ছিলেন। স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে মাত্র ১০৫ বলে ৮৫ রান তুলে ভারতীয় বোলারদের পথে কাটে হয়ে ছিলেন তিনিই। কিন্তু জাদেজার বলে ঋদ্ধিমানের ক্যাচের শিকার হয়ে তিনি ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই প্রোটিয়ারা ২১৪ রানে অলআউট হয়ে যায়।

ব্যাট করতে নেমে ভারতীয় দুই ওপেনার বুঝিয়ে দিয়েছেন উইকেটে নেই অতটা জুজুর ভয়। মাত্র ২২ ওভারেই ৮০ রান তুলে ফেলেছেন শিখর ধাওয়ান এবং মুরালি বিজয়। অবশ্য ১৬তম ওভারে বিজয়ের উপহার দেওয়া ক্যাচ ইমরান তাহির ফেলে না দিলে দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারত সফরকারীরা। সেই সুবাদে আগামীকাল দশ উইকেট নিয়েই মাঠে নামতে পারছে ভারত। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ থেকে মাত্র ১৩৪ রান পিছিয়ে আছে তারা।