১৫ রানের প্রস্তুতি মাহমুদউল্লাহর, তাহিরের হ্যাটট্রিক

• পিএসএলে দুই ম্যাচে মাহমুদউল্লাহর সংগ্রহ ১৫ রান।
• এর মধ্যে নিজের প্রথম ম্যাচে তিনি ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি।
• আজ দ্বিতীয় ম্যাচে তাঁর স্কোর ১৩ বলে ১৫ রান।
• নিদাহাস ট্রফির আগে পিএসএলে এটাই মাহমুদউল্লাহর শেষ ম্যাচ।
• হ্যাটট্রিক তুলে নিয়েছেন মুলতানের লেগি ইমরান তাহির।
কোয়েটা গ্লাডিয়েটরস এর আগে চার ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহ সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে। তাও ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি। একটা ক্যাচ ধরে নাম লিখিয়েছিলেন স্কোর বোর্ডে। মাহমুদউল্লাহ কী এই আক্ষেপ থেকেই আজ ছক্কা মারলেন প্রথম বলেই!
ম্যাচটা টিভিতে না দেখে থাকলে হয়তো ভাবছেন, পিএসএলে নিয়মিত সুযোগ না পাওয়ার ঝালটা আজ মিটিয়েছেন মাহমুদউল্লাহ। ভুল। ওই ছক্কার পর টিকেছেন মাত্র ১২ বল। আর কোনো বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি নেই। সব মিলিয়ে ১৩ বলে ১৫ রান করেই মাহমুদউল্লাহ সেরেছেন নিদাহাস ট্রফির প্রস্তুতি।
শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি শুরু হবে মঙ্গলবার থেকে। তার এক দিন পরই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। তার আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এটিই ছিল মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। ব্যাটিং করা ধরলে এটা তাঁর প্রথম ও শেষ ম্যাচও!
কোয়েটার প্রথম দুই ম্যাচে মাহমুদউল্লাহ দলে সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে মাঠে নামলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। ইসলামাবাদের বিপক্ষে তাঁর নামার আগেই জয় নিশ্চিত করে কোয়েটা। পরের ম্যাচে আবারও বাদ পড়েন দল থেকে। আজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না।
মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও ভেলকি দেখিয়েছেন ইমরান তাহির। মুলতান সুলতানসের প্রোটিয়া এ লেগ স্পিনার ১৬তম ওভারে তুলে নেন হ্যাটট্রিক! দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ফিরিয়েছেন হাসান খান, জন হেস্টিংস ও রাহাত আলীকে। তাঁর ঘূর্ণিতে ১৫.৪ ওভারেই ১০২ রানে গুটিয়ে যায় কোয়েটা।