১৫০ করে শীর্ষ পঞ্চাশে ফিরলেন মাহমুদউল্লাহ
জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টে মাহমুদউল্লাহ ছিলেন ম্যাচসেরা খেলোয়াড়। এবার আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও সুখবর পাচ্ছেন তিনি। কয়েক টেস্ট সিরিজ ধরে ধারাবাহিকভাবে রান করে আসা লিটন দাসও আছেন র্যাঙ্কিংয়ে উন্নতি করা বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায়। বাংলাদেশি বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন হারারে টেস্টে দারুণ বোলিং করা মেহেদী হাসান মিরাজ ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ১৫০ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রান করে বাংলাদেশ, সেটিই গড়ে দেয় বাংলাদেশের জয়ের ভিত। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। মাহমুদউল্লাহর ইনিংসেই বাংলাদেশ হারারে টেস্ট জিতেছে ২২০ রানের বিরাট ব্যবধানে।
নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে এসে এমন পারফরম্যান্সের প্রতিফলন পাওয়া গেল আইসিসি র্যাঙ্কিংয়েও। আজ প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৯ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ।
হারারে টেস্টে সেঞ্চুরি পেতে পারতেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটনও। ৯৫ রানের দারুণ ইনিংস খেলে আউট হন তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে আছেন ৫৫ নম্বরে।
টেস্ট বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন হারারে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পাওয়া মিরাজ। ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে। টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেছেন ফাস্ট বোলার তাসকিনও। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চার উইকেট। ভালো বোলিংয়ের ফল পেয়েছেন র্যাঙ্কিংয়ে ৯৫ থেকে ৮৯ নম্বরে এসে।
জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে হারারে টেস্টে ভালো করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। হারারে টেস্টে ৮১ ও ৯২ রানের ইনিংস খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যান ৭ ধাপ এগিয়ে এখন আছেন ২৮ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি (৬ ধাপ এগিয়ে ৪৫তম) ও ডোনাল্ড তিরিপানোর (৩ ধাপ এগিয়ে ৭৬তম)।
এ ছাড়া টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষ পাঁচে যথাক্রমে কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, বিরাট কোহলি ও জো রুটের অবস্থান আছে অপরিবর্তিত। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি স্থানেও পরিবর্তন নেই। শীর্ষ পাঁচে ক্রম অনুযায়ী আছেন প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজলউড ও নিল ওয়াগনার।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায়ও তেমন বড় পরিবর্তন নেই। আগের মতোই এখানে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন ৫ নম্বরে।