১৫১ ম্যাচে তামিমের ১৩ ভিন্ন সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে গেলেন লিটন, ২ রানেই ভেঙে গেল তামিমের ১৩তম জুটি। ছবি: শামসুল হক
আউট হয়ে গেলেন লিটন, ২ রানেই ভেঙে গেল তামিমের ১৩তম জুটি। ছবি: শামসুল হক

জিম্বাবুয়ের বিপক্ষে আজ ক্যারিয়ারে ১৫১তম ম্যাচটিতে খেলতে নেমেছেন তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে সঙ্গী হিসেবে পেয়েছেন লিটন দাসকে। এই নিয়ে ক্যারিয়ারে প্রতিটি ইনিংসেই বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের শুরু করেছেন তামিম, তাতে সঙ্গী হিসেবে পেয়েছেন মোট ১৩ জন ভিন্ন ব্যাটসম্যানকে। অবশ্য আজকের জুটিটা প্রথম পরীক্ষায় ব্যর্থই—দলের ২ রানের সময়ই আউট হয়ে গেছেন লিটন। 

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি এই জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে প্রথম বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। সেদিন ওপেনিংয়ে তাঁর সঙ্গী ছিলেন শাহরিয়ার নাফীস। এরপর থেকে জাভেদ ওমর, জুনায়েদ সিদ্দিকী হয়ে সৌম্য সরকার কিংবা আজকের লিটন দাস—ওয়ানডেতে তামিমের সঙ্গী বদলটা অব্যাহতই আছে।
এর মধ্যে ইনিংসের হিসাবে সবচেয়ে স্থায়ী ছিল ইমরুল কায়েসের সঙ্গে জুটিটা। মোট ৪৫ ইনিংসে একসঙ্গে ব্যাট হাতে নেমেছেন এই দুই বাঁহাতি। তামিমের সঙ্গে জুটিতে অনেক দিন টিকে ছিলেন এমন স্থায়ী তালিকায় পরের দুজনও বাঁহাতি—জুনায়েদ ও শাহরিয়ার নাফিস। জুনায়েদের সঙ্গে ২৫ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন তামিম, নাফিসের সঙ্গে ২৪। উদ্বোধনী জুটি নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’র জন্য অন্তত দশ ম্যাচ সময় পেয়েছেন আর দুজনের সঙ্গেই—এনামুল হক বিজয় (১৯) ও সৌম্য সরকার (১০)।
জুটিতে রানের হিসেবেও তামিম-ইমরুল জুটিই সবার চেয়ে এগিয়ে। ১১৭৮ রান এসেছে এই জুটিতে। বাংলাদেশ ইনিংসে কোনো উইকেট না হারিয়েই পঞ্চাশও পেরিয়েছে সবচেয়ে বেশি এই দুজনের যুগল বন্দিতে (৮ বার)। অবশ্য এই জুটির গড়টা একটু চোখে লাগার মতো—মাত্র ২৬.১৭। ইনিংসের সংখ্যা দুই অঙ্ক ছাড়িয়েছে এমন জুটিতে গড়ের হিসেবে সবচেয়ে এগিয়ে আছে সৌম্য সরকারের সঙ্গে তামিমের জুটিই। দশ ইনিংসে এই জুটির গড় ৫৪।
দলের ব্যাটিংয়ে শক্ত ভিত্তি গড়ে দিতে ভালো ও দীর্ঘস্থায়ী ওপেনিং জুটির বিকল্প নেই। যুগে যুগে গিলক্রিস্ট-হেইডেন, শচীন-গাঙ্গুলীরা এর আদর্শ উদাহরণ হয়ে আছেন। বাংলাদেশেও একটি গিলক্রিস্ট-হেইডেন জুটির অপেক্ষাটা কবে ফুরোবে?