১৫৩ বল হাতে রেখে জিতল শ্রীলঙ্কা
পুঁজি মাত্র ১৫৪ রান। আর সেই পুঁজি নিয়েই এমন একটি নো বল করলেন তিনাশে পানিয়াঙ্গারা। সেটাও শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলে। যে বলটিতে আবার উইকেটকিপারকে ক্যাচ দিয়েছিলেন লঙ্কান ওপেনার ধনঞ্জয় ডি সিলভা!
জিম্বাবুয়ের পেসার ওভারস্টেপিং করেছিলেন। ফল, শূন্য রানে জীবন পাওয়া ডি সিলভা শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। কাল হারারেতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কা জিতেছে ৮ উইকেট ও ১৫৩ বল হাতে রেখেই।
৭৫ বলে ১২ চারে ৭৮ রানে অপরাজিত ছিলেন ডি সিলভা। সাত ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান কালই সর্বোচ্চ ইনিংস খেললেন। দ্বিতীয় উইকেটে ডি সিলভার সঙ্গে ৮৪ রানের জুটি গড়েছেন নিরোশান ডিকভেলা, যাতে তাঁর অবদান ৪১ রান।
এর আগে ৫০ রানেই ৬ উইকেট হারালেও জিম্বাবুয়ের রান দেড় শ ছাড়ায় পিটার মুর (৪৭) ও অধিনায়ক গ্রায়েম ক্রেমারের (৩১*) ব্যাটে।
আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তথ্যসূত্র: ক্রিকইনফো।