পি সারা ওভালের উইকেট পেসারবান্ধব। কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরুর আগে তথ্যটা ভাবিয়েছে লঙ্কানদের। ভাবনারই বিষয়, পাকিস্তানের পেস আক্রমণের চেয়ে যে পিছিয়ে শ্রীলঙ্কার পেস শক্তি। কিন্তু সেই পেস বোলিংই দ্বিতীয় টেস্টটাকে প্রায় মুঠোয় এনে দিয়েছে শ্রীলঙ্কার। ধাম্মিকা প্রসাদ, দুষ্মন্ত চামিরা ও অ্যাঞ্জেলো ম্যাথুস মিলেই পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৯ উইকেট ভাগাভাগি করেছেন। শ্রীলঙ্কার মাথায় বড় রানের বোঝা চাপানোর আশা জাগিয়েও পাকিস্তানিরা অলআউট ৩২৯ রানে। সিরিজে সমতা ফেরাতে শ্রীলঙ্কাকে করতে হবে ১৫৩ রান।
শ্রীলঙ্কার হাতে ছিল পুরো চার সেশন। কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে চতুর্থ দিনের পুরো তৃতীয় সেশন। শ্রীলঙ্কা নামতে পারেনি ব্যাট করতেই। আবহাওয়া মেজাজ-মর্জি ভালো থাকলে আজ শেষ দিনেই নিষ্পত্তি হবে টেস্টের।
প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েও অফ স্পিনার থারিন্ডু কৌশলের ছায়ায় ঢাকা পড়া প্রসাদ এবার নিয়েছেন ৪ উইকেট। নিখুঁত লাইন-লেংথে বল করে যাওয়ার পুরস্কারই পেয়েছেন প্রসাদ। দিনের প্রথম উইকেটটি অবশ্য গেছে ম্যাথুসের পকেটে। দিনের একাদশ ওভারে ইউনিস খানকে উইকেটকিপার দিনেশ চান্ডিমালের ক্যাচ বানিয়েছেন লঙ্কান অধিনায়ক। শততম টেস্টের প্রথম ইনিংসে ৬ রান করার পর ইউনিস এবার পেয়েছেন ৪০ রান। ২ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের রান তখন ২০২। ৩২ রান পর পাকিস্তান অধিনায়ক মিসবাহকে এলবিডব্লু করা প্রসাদ পরে ২ ওভারের মধ্যে ফিরিয়েছেন সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহকে। এই জোড়া আঘাতের পর এক প্রান্ত ধরে রাখা আজহার আলীকে স্টাম্পড করে ম্যাচে নিজের একমাত্র উইকেটটি নিয়েছেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
৫৫ রানে শেষ ৬ উইকেট হারানো পাকিস্তান ৪ উইকেটে ২৭৪ রান থেকে দেখতে না-দেখতেই অলআউট ৩২৯ রানে। এই রানের ১১৭-ই আজহার আলীর। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে পঞ্চম সেঞ্চুরি পাওয়া আজহার অবশ্য ফিরতে পারতেন ৬৮ রানেই। দিনের চতুর্থ ওভারে প্রসাদের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলেছিলেন, কিন্তু প্রথম স্লিপ থেকে উইকেটকিপারের ক্যাচটা নিতে গিয়ে ফেলে দেন কুমার সাঙ্গাকারা। ২৬৬ বলে সেঞ্চুরি পুরো করা আজহারের ৩০৮ বলের ইনিংসে চার মাত্র ৬টি। ক্রিকইনফো।