১৫৩ রানও তো অনেক বেশি!

যত যাই বলুন, ক্রিকেটে নিয়তিকে এড়ানোর উপায় নেই। না হলে, আজও ইংল্যান্ডকে ১৫৩ রানেই অল আউট হতে হবে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে আজ প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩ রান করতে পেরেছে স্বাগতিক দল। আজ থেকে ১৭ বছর আগে প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানও অলআউট হয়েছিল ঠিক ১৫৩ রানে।
২০০০ সালের ১২ জুলাইয়ের স্মৃতি টানতে বাধ্য করলেন জনি বেয়ারস্টো। এর আগে ১৫০ দূরে থাক, ৫০ নিয়েই দুশ্চিন্তা ছিল ইংল্যান্ডের। কাগিসো রাবাদা ও ওয়েইন পারনেলের তোপে ২০ রানেই ৬ উইকেট হারিয়েছিল ইংলিশরা। এত কম রানে ৬ উইকেট হারানোর পর কোথায় থামে ইংল্যান্ড সেটা জানার কৌতূহল ছিলই। তবে সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে ৬২ ও ৫২ রান তুলে সে ধাক্কা কিছুটা সামলে নিয়েছে ইংল্যান্ড। বেয়ারস্টোর ৫১ রান, ডেভিড উইলির ২৬ ও নয়ে নামা অভিষিক্ত টবি রোনাল্ড-জোনসের অপরাজিত ৩৭ রানে শেষ পর্যন্ত ১৫৩ করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের প্রথম সাত উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন রাবাদা (৪) ও পারনেল (৩)। শেষ ৩ উইকেট নিয়ে বাকি কাজটা সেরেছেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্নবিরতির আগে ১১ ওভারে ৫৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
২০ বা এর কম রানে ৬ উইকেট হারানোর পর শুধু একবারই এক শ পেরোতে পেরেছে কোনো দল, পাকিস্তান। ২০০০ সালে কলম্বোর সে ম্যাচে ১৯ রানে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ঠিক ১৫৩ রানেই থেমেছিল সাঈদ আনোয়ার, ইনজামামদের নিয়ে গড়া পাকিস্তান। ২০ রানের কমে ৬ উইকেট হারানোর বাকি পাঁচ ঘটনায় দুটো দলই কেবল পঞ্চাশ পেরোতে পেরেছিল।
ওয়ানডেতে ২০ রান বা এর কমে ৬ উইকেট হারানোর ঘটনাগুলো
