১৬ বছর আগেই অবসর নিতে চেয়েছিলেন টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়কত্ব ছিল টেন্ডুলকারের জীবনের সবচেয়ে হতাশার অধ্যায়। ফাইল ছবি
অধিনায়কত্ব ছিল টেন্ডুলকারের জীবনের সবচেয়ে হতাশার অধ্যায়। ফাইল ছবি

তাঁর কাছে অধিনায়কত্ব ছিল দুঃস্বপ্নের মতো। সেই দুঃস্বপ্ন তাঁকে এমনভাবে গ্রাস করেছিল, একটা পর্যায়ে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন। শচীন টেন্ডুলকার নিজের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে অসুখী সময় হিসেবে অভিহিত করেন অধিনায়কত্বের সময়টাকেই। অধিনায়কত্বের চাপে খেলা ছেড়ে দেওয়ার এই তথ্যটাও জানিয়েছেন তিনি নিজে। তাঁর প্রকাশিতব্য আত্মজীবনী গ্রন্থ ‘প্লেইং ইট মাই ওয়ে’র একটি অধ্যায়ে লিখেছেন, তাঁর অধিনায়কত্বে ভারতীয় দলের ভয়াবহ ফলাফল তাঁকে ছুড়ে ফেলেছিল হতাশা ও আতঙ্কের নিকষ আঁধারে। হার তাঁর মধ্যে এমন আতঙ্কের সৃষ্টি করেছিল, ক্রিকেটার হিসেবে জীবনের কোনো অর্থই সে সময় খুঁজে পাচ্ছিলেন না। ব্যাপারটা এমন দাঁড়িয়েছিল, খেলা ছেড়ে দিতে পারলেই যেন বর্তে যান। টেন্ডুলকারের আত্মজীবনী গ্রন্থটি প্রকাশিত হতে যাচ্ছে ৬ নভেম্বর।
তাঁর অধিনায়কত্বের সময়টা ছিল ভারতীয় ক্রিকেটে জন্য বেশ বাজে একটা সময়। ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে তিনি ২৫টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে জয়ের স্বাদ পেয়েছিলেন মাত্র চারটিতে। হারের দুঃস্বপ্ন তাঁকে গ্রাস করেছিল নয়বার। বইয়ে তিনি লিখেছেন, ‘আমি কখনোই হারতে চাই না। হারকে ঘৃণাই করি। কিন্তু অধিনায়ক হিসেবে হারগুলো আমার মধ্যে তীব্র অপরাধবোধের জন্ম দিত। হারগুলোর জন্য আমার নিজেকেই দায়ী মনে হতো।’
হারের পর দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখানোই তো অধিনায়কের কাজ। আর এই কাজটিতেই নিজের চরম ব্যর্থতা স্বীকার করেছেন এই ক্রিকেট-কিংবদন্তি, ‘আমি বুঝতে পারতাম না কীভাবে ঘুরে দাঁড়াব। এটাই ছিল সবচেয়ে উদ্বেগের বিষয়। অথচ আমি কিন্তু প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই অবস্থায় আমার মনে হতো, তাহলে কী আমার মধ্যে দেওয়ার আর কিছুই অবশিষ্ট নেই? এটা আমি অঞ্জলিকেও (তাঁর স্ত্রী) বলতাম।’
টেন্ডুলকারকে নাকি সবচেয়ে বেশি বিচলিত করত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তাঁর দলের হার, ‘এই হারগুলো আমাকে বেশি আতঙ্কিত করে তুলত। মনে হতো তাহলে কি আমার আর ০.১ শতাংশ বেশি দেওয়ার ক্ষমতাও অবশিষ্ট নেই!’
শচীন বলেন, ‘এই ব্যাপারগুলো আমাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াত। খুব আহত ও বিচলিত করত। আতঙ্কে অস্থির হয়ে যেতাম। এসব নিয়ে ভাবতে ভাবতে মনে হতো, খেলা ছেড়ে দেওয়াই বোধ হয় মঙ্গলকর। খেলা ছেড়ে দিলে অন্তত এসব সমস্যার সম্মুখীন হতে হবে না।’
‘খেলা ছেড়ে দেব’—এই ভাবনার পরেও আরও ১৬টি বছর আন্তর্জাতিক ক্রিকেটে বীরদর্পে বিচরণ করেছেন শচীন টেন্ডুলকার। হ্যাঁ, অধিনায়কত্ব ছাড়া। টেন্ডুলকারের ক্ষেত্রে এই প্রশ্নটি খুব উচ্চকিত, ‘তাহলে কি টেন্ডুলকারের মধ্যে অধিনায়কত্বের কোনো গুণাবলিই ছিল না?’ এ প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যায়, সবাই তো আর ভালো নেতা হয় না!
টেন্ডুলকারের খেলা ছাড়ার চিন্তাটা প্রথম আসে ১৯৯৭ সালে। সেবার তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারতীয় দল। সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হওয়ার পর বারবাডোজের তৃতীয় টেস্ট জয়ের জন্য ১২০ রান করতে পারেনি ভারত। সেই ইনিংসে মাত্র ৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। নিজের আত্মজীবনীতে টেন্ডুলকার ওই দিনটিকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ‘বাজে দিন’ হিসেবে উল্লেখ করেছেন, ‘৩১ মার্চ, ১৯৯৭। এই দিনটিকে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন হিসেবে অভিহিত করতে চাই। ওই দিন ভারতীয় দল যে ধরনের ব্যাটিং করেছিল, সেটা ছিল এককথায় ভয়াবহ। আমি আর কোনোদিন আমার ক্যারিয়ারে এত বাজে ব্যাটিংয়ের সঙ্গী ছিলাম না। একমাত্র ভিভিএস লক্ষ্মণ ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যানই সেদিন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।’
ওই ম্যাচে হারের পরের দুটো দিনও ছিল ভয়াবহ, ‘আমি কিছুতেই সেই হার মেনে নিতে পারছিলাম না। হারের পরের দুটো দিন আমি নিজেকে আমার রুমে বন্দী করে রেখেছিলাম। ওই দুটো দিনের ভয়াবহতা আমি এখনো অনুভব করি।’ সূত্র: পিটিআই।