১৭০ করলেই বাংলাদেশের ইতিহাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলাররা তাদের কাজটা করলেন আবারও। এবার পালা ব্যাটসম্যানদের। ছবি: শামসুল হক
বোলাররা তাদের কাজটা করলেন আবারও। এবার পালা ব্যাটসম্যানদের। ছবি: শামসুল হক

নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ভারত...। তালিকায় নতুন আরেকটি নাম যোগ হবে? প্রতিটি ‘বড়’ দলকেই বাংলাদেশ দিয়েছে সিরিজ পরাজয়ের লজ্জা। এ তালিকায় ক্রিকেটের প্রতাপশালী দক্ষিণ আফ্রিকার নামটিও যোগ করতে হলে বাংলাদেশকে করতে হবে ৪০ ওভারে ১৭০ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠার সব উপলক্ষই তৈরি। এখন বাকি কাজটা সারতে হবে ব্যাটসম্যানদের।

টসে জিতে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ৫০ রানে ৪ উইকেট পতনের পর যখন বাংলাদেশের মুখে বিস্তৃত হাসি। তখন কালো মেঘ বৃষ্টি হয়ে ভাসিয়ে দিল চরাচর। একটি প্রশ্ন হাওয়ায়-বৃষ্টি কি দক্ষিণ আফ্রিকারই বেশি উপকার করে দিয়ে গেল? বাংলাদেশের অবস্থান থেকে দেখলে এই প্রশ্ন করা যেতেই পারে। তবে বৃষ্টিতেও বোলারদের ছন্দ নষ্ট হয়নি। বরং স্লগ করে রানটাকে নাগালের বাইরে নিয়ে যাওয়ার সুযোগই দেয়নি দক্ষিণ আফ্রিকাকে। শেষ ৫ ওভারে রানের ঝড়ের বদলে হলো উইকেটের বৃষ্টি। মাত্র ১৯ রানে রানে পড়ল ৪ উইকেট।
জেপি ডুমিনির ফিফটির পরও তাই দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ৯ উইকেটে করেছে ১৬৮। ওভার পিছু ৪ দশমিক ২৫ করে রান তোলার সহজ কাজটা ঠিকঠাক করলেই টানা চারটি সিরিজ জিতবে বাংলাদেশ। রেটিং পয়েন্ট বাড়বে ২। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ইংল্যান্ডের (৯৮) গায়ে ফুঁ দিতে পারবে মাশরাফির দল।
দক্ষিণ আফ্রিকার এ রানের পেছনে বড় অবদান ডেভিড মিলার-জেপি ডুমিনির পঞ্চম উইকেটে তোলা ৬৩ রান। বিপর্যয় সামলানোর জোর চেষ্টা চালিয়েছিল এ জুটিই। এরপর ষষ্ঠ উইকেটে ফারহান বেহারডিয়ান-ডুমিনির ষষ্ঠ উইকেটে তোলা ৩৬ রানের কল্যাণে ১৬৮ করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭০।
বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে সফল। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট পাওয়ার দিনে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটো করে উইকেট মুস্তাফিজ আর রুবেল। এর মধ্যে রুবেলের দুটো উইকেটই ইনিংসের শেষ ওভারে। মুস্তাফিজ ৮ ওভারে দিয়েছেন মাত্র ২৪ রান। আরও একটি দুর্দান্ত অফকাটারে ফিরিয়েছেন রাবাদাকে। একটি করে উইকেট মাহমুদউল্লাহ ও মাশরাফির। এর মধ্যে মাশরাফির উইকেটটি তাঁকেও ঢুকিয়ে দিয়েছে ২০০ উইকেটের ক্লাবে।
গত ম্যাচের মতো আজও শুরুতেই প্রোটিয়াদের চেপে ধরে বাংলাদেশ। তবে আজও শুরুর আঘাত মুস্তাফিজের। আগের ম্যাচেও কুইন্টন ডি কককে ফিরিয়েছিলেন। চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচেও তাঁর আঘাতেই ফিরলেন ডি কক। ডি কক ফিরে যাওয়ার পর সাকিবের শিকার হয়ে দলীয় ১৯ রানের মাথায় ফিরে গেছেন ডু প্লেসি। তৃতীয় উইকেটে অবশ্য ২৬ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান আমলা-রুশো। সেটিও ব্যর্থ করে দেন সাকিব।
১৩ রানের মাথায় সাকিবের বলে সাব্বিরের হাতে জীবন পেয়েও শেষ রক্ষা হয়নি আমলার। আমলা ১৫ রানে ফিরেছেন সাকিবের বলেই। এরপর মাহমুদউল্লাহর বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৭ রান করা রুশোও।
গত ম্যাচে প্রথম ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ১ উইকেটে ৩৮ রান। আজ অবস্থা আরও শোচনীয়-১০ ওভারে ২ উইকেটে ৩০। স্পিন-পেস-বাংলাদেশের দ্বিমুখী আক্রমণে শুরু থেকেই কাঁপছিল দক্ষিণ আফ্রিকা! বৃষ্টির আগে ওভার প্রতি দক্ষিণ আফ্রিকার রানের গড় ছিল সাড়ে তিনেরও নিচে। বৃষ্টি শুরুর আগে ২৩ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪ উইকেটে ৭৮ রান। বৃ​ষ্টির পরের ১৭ ওভারে ৫ উইকেটে ৯০।
বৃষ্টির পরও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশের বোলাররা। সাব্বিরের অসাধারণ ক্যাচে মিলারকে ফিরিয়েছেন মাশরাফি। বৃষ্টি হতে পারে দেখেই হাত খুলে মারতে শুরু করেছিলেন মিলার। ভাগ্য ভালো মিলার ‘কিলার’ হয়ে ওঠার আগেই তাঁকে ফিরিয়েছেন অধিনায়ক। আমলার সহজ ক্যাচ ফেলার ‘পাপ’ ঘোচাতে সাব্বির আরও একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লং অনে।
বোলিং আর ফিল্ডিংটা আজ দুর্দান্ত হলো। এখন ব্যাটিংটা ঠিকঠাকমতো হলেই হয়।