
প্রায় ১৭ বছর আগের একটি টেস্ট ম্যাচের স্মৃতি কি ফিরে এসেছিল রঙ্গনা হেরাথের কাছে? ১৯৯৯ সালে ক্যান্ডির অ্যাসগিরিয়া স্টেডিয়ামে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেদিন স্বাগতিক দলের ড্রেসিংরুমে ছিলেন অভিষেকের অপেক্ষায় থাকা হেরাথ। সিরিজের পরের টেস্টেই অভিষেক হয়ে গেল, কিন্তু টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদ জানার সুযোগ তাঁর হলো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল শ্রীলঙ্কার ১০৬ রানের জয়ে সেই দুঃখ অবশেষে ঘুচল।
নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা। আর এই কীর্তিটা গড়া হলো কোথায়? সেই অ্যাসগিরিয়া স্টেডিয়াম থেকে ১৫ কিলোমিটার দূরের পাল্লেকেলে স্টেডিয়ামে! হেরাথ ভাগ্যবান, ক্যারিয়ারে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেলেন। শ্রীলঙ্কার একটা প্রজন্ম তো টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব, এটাই ভাবতে পারেনি।
কাল তাই সবার সামনে থেকে যে মাঠ ছেড়ে গেলেন হেরাথ, এটিকে ভাবা যেতে পারে প্রতীকী। তবে শুধু অতীতের সাক্ষী হিসেবেই মাঠ ছাড়ায় নেতৃত্ব দেননি হেরাথ, পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কান বোলিংকে নেতৃত্বও দিয়েছেন। ম্যাচে তাঁর ৯ উইকেট। শেষ দিনে ফিরিয়েছেন অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, স্টিভ স্মিথ এবং স্টিভ ও’কিফকে।
ও’কিফ! দশে নামা এক ব্যাটসম্যানের নাম আলাদা করে বলতে বাধ্য করেছেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি স্পিনার। মাঠে নেমেছিলেন মধ্যাহ্নবিরতির পর। ৫৬.১ ওভারে অস্ট্রেলিয়া তখন ৮ উইকেটে ১৫৭। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১১১ রান। ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা কখন উড়ে গেছে!
তখনই দাঁড়িয়ে গেলেন ও’কিফ, সঙ্গে পিটার নেভিল। হ্যামস্ট্রিংয়ের চোট ঠিকমতো পা-ই ফেলতে দিচ্ছিল না ও’কিফকে। দৌড়ে রান নেবেন সে উপায় ছিল না। প্রথম স্কোরিং শট ৬২.৫ ওভারে। সুইপ করে একটি চার। ওটাই শেষ। এরপর উইকেটে এই জুটি ছিল আরও ২৩ ওভার। ও’কিফ কিংবা নেভিল আর কোনো রানই নেননি! ১৭৮ বলের নবম উইকেট জুটিতে ওই ৪টি মাত্র রানই করেছেন দুজন।
কিন্তু এই জুটির গল্প তো রানের নয়, চরিত্রের। টেস্ট ক্রিকেট যদি দৃঢ়তা ও চরিত্রের পরীক্ষা হয়ে থাকে তবে তাতে এক শতে এক শর বেশিই পেয়েছেন ও’কিফ। নেভিলও খুব কম পাবেন না। সঙ্গীর কারণে স্ট্রাইক বদলাতে পারেননি, তারপরও প্রায় ৩০ ওভারের জুটিতে ধৈর্য হারিয়েছেন মাত্র একবার। আউট হয়েছেন যে বলটিতে।
তবে ম্যাচের নায়ক এঁরা দুজন কিংবা হেরাথও নন। এ ম্যাচটি মানুষ মনে রাখবে কুশল মেন্ডিসের জন্য। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ ওই কথাটিই বলে দিয়েছেন, ‘কুশলের প্রশংসা করতেই হচ্ছে, ওর ১৭৬ ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আমরা ভালো ব্যাট করতে পারিনি। প্রথম ইনিংসে আরও বড় লিড নেওয়া উচিত ছিল।’
শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের চোখে মেন্ডিসের ১৭৬, ‘বিশেষ এক তরুণের অসাধারণ এক ইনিংস। চমৎকার!’ তবে মেন্ডিস-মুগ্ধতার পরও ম্যাথুস তাঁর দুই বাঁহাতি স্পিনারের কৃতিত্ব ভুলে যাননি, ‘সান্ডাক্যানকে খুঁজে পাওয়াটা আমাদের কাজে লেগেছে। “বুড়ো” হেরাথ তো বরাবরের মতোই দারুণ করেছে।’ সূত্র: টেন ক্রিকেট।