
প্রথম জয় পেতে লেগেছিল ৩৫ টেস্ট। ২০০৫ সালে চট্টগ্রামে সেই জয়টি খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে। পরশু মিরপুরে আরেকটি জয়। এবার পরাক্রান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের টেস্ট জয়ের সংখ্যাও পৌঁছে গেল দুই অঙ্কের ঘরে। বাংলাদেশের দশটি টেস্ট জয়ের আখ্যান নিয়ে এই বিশেষ আয়োজন

শততম টেস্টে জয়। ১০১তম টেস্টেও। টানা দুই টেস্ট জিতে বাংলাদেশ টেস্ট জয়ের সংখ্যা নিয়ে গেল দশে। মানে দুই অঙ্কে। জয়ের শতকরা হার ৯.৯। বাংলাদেশ যেভাবে খেলছে, তাতে শূন্য দশমিক একের ঘাটতি পূরণ করে জয়ের শতকরা হারও দুই অঙ্কে যাওয়াটা সময়ের ব্যাপার।
বড় দলের বিপক্ষে টানা দুই টেস্টে জয় দুই দিন আগেও ছিল কষ্টকল্পনা। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই প্রায় ‘ঘোষণা’ দিয়ে সম্ভব করে ফেলল বাংলাদেশ। শ্রীলঙ্কা, যাদের ডেরায় গিয়ে জিতে আসাটা মরু সাহারায় ফুল ফোটানোর মতো বিরল ঘটনা, সে যতই জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের মতো কিংবদন্তিদের অবসরে দলটি হীনবল হয়ে পড়ুক না কেন। অস্ট্রেলিয়া, যারা হয়তো মুশফিকের চোখে ‘এলিয়েন’ নয়, কিন্তু বিশ্ব ক্রিকেটে তারাই এখনো সবচেয়ে দুর্লঙ্ঘ্য চূড়া।
২০০০ সালে বাংলাদেশ টেস্ট মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল বদ্ধ জলাশয়ে সাঁতার শেখা এক শিশুর অবোধ আনন্দে। তাই ভারতের বিপক্ষে অভিষেক ইনিংসেই ৪০০ রান করেও বড় হার। কিন্তু কূলে ফেরা না শিখে হঠাৎই সাগরের অথই জলে সাঁতরাতে গেলে যা হয় আরকি! এরপর আরও ৩৩ টেস্ট গেছে। পরাজয়ের পর পরাজয় টেস্ট ক্রিকেটকে গৌরবময় এক বোঝা ছাড়া আর কিছু মনে করতে দেয়নি বাংলাদেশকে। জয় তখন এক অনাগত সময়ের হাত ধরে আসা অলীক ভাবনা। বাংলাদেশের ক্রিকেট সমাজে তখন উড়ে বেড়িয়েছে দুটি উদাহরণ। নিউজিল্যান্ড প্রথম টেস্ট জিতেছে টেস্ট মর্যাদা পাওয়ার ২৬ বছর পর। ভারতের প্রথম টেস্ট জিততে লেগেছে ২০ বছর। অত দিন নিশ্চয়ই লাগবে না! লাগেওনি।
২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়েই সেটি পাওয়া গেল। তবে জিম্বাবুয়ে দলটি তখন ভেঙে গেছে, ক্ষয়ে গেছে শক্তি। তাই টেস্ট অভিষেকের পাঁচ বছরের মধ্যে নিজেদের ৩৫তম টেস্টে জিতেও বাংলাদেশ থেকে গেছে ব্রাত্য। চার বছর পর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবীয়দের হারিয়ে এসেছে দুই টেস্টেই। কিন্তু তাতেও জাতে ওঠা হয়নি। গেইল-চন্দরপলদের ধর্মঘটের কারণে ওই ক্যারিবীয় দলটি দ্বিতীয় না তৃতীয় শক্তির ছিল, সেটি নিয়েই চলেছে বিচার-বিশ্লেষণ। বাংলাদেশের স্থান র্যাঙ্কিংয়ের তলানিতেই, খর্বশক্তির জিম্বাবুয়ের সঙ্গে একই গোত্রে। কিন্তু জিম্বাবুইয়ানদের আগুন যে তখনো একেবারে নিভে যায়নি। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে হারতে হলো। ২০১৩ সালে আবারও সে দেশে গিয়ে শোধ তোলা গেল না। হারের পর জয়, দুই টেস্টের সিরিজটা হলো ড্র।
তবে ওই জিম্বাবুয়েই বাংলাদেশকে বদলে দিয়েছে। কিংবা চিনিয়ে দিয়েছে ওপরে ওঠার সিঁড়িটা। কীভাবে? ভেবে দেখুন ২০১৪ সালের তিন টেস্টের সিরিজটা। দেশের মাটিতে কখনো পা হড়কে পড়ে যেতে যেতেও ঠিক সামলে নিয়েছে দল। একটি টেস্টেও ফসকে যেতে দেয়নি জয়। তবে এটিকে অনেকে বলবেন প্রায় সমগোত্রীয় দুটি দলের মধ্যে শ্রেয়তরটির সামর্থ্যের প্রকাশ।
তাহলে সামর্থ্যকে জয়ে অনুবাদের প্রবল মানসিক শক্তিধারী নতুন বাংলাদেশকে আবিষ্কার করা গেল কোথায়? ২০১৫ বিশ্বকাপ-পরবর্তী অধ্যায়ে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরের সিরিজটা শুধু প্রথম টেস্ট জয়েই সীমিত না থেকে হতে পারত প্রথম সিরিজ জয়ও। একটু এদিক-ওদিক হলে চট্টগ্রাম টেস্টটা বাংলাদেশকে না জিতিয়ে ইংল্যান্ডকে ২২ রানে জেতায় না। পরে ঢাকা (মিরপুর) টেস্টে ১০৮ রানে হেরে ইংল্যান্ড তো সেটি বুঝেছেই, আসল উপলব্ধি হয়েছে সাকিব-তামিম-মুশফিক-মিরাজদের। সেই উপলব্ধি নিজেদের নতুন করে চেনার। যার ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় জয় শ্রীলঙ্কার বিপক্ষে, পরশু হারল অস্ট্রেলিয়া। সর্বশেষ পাঁচ টেস্টেই তিন জয়। কে বলতে পারে, ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু ১০২তম টেস্টেই বাংলাদেশ ১১তম জয়ের দেখা পাবে না! আর তাতে পূরণ হবে না দশমিক এক ভাগের ঘাটতি!
