১৭ বলে ফিফটি করে আইপিএলের অবিশ্বাস্য এক রেকর্ড কিষানের

দশম ওভারে মাঠে নেমেছিলেন। মাঠ ছেড়েছেন ১৫তম ওভারে। মাত্র ৩৪ বল মাঠে ছিলেন ঈশান কিষান, তাতেই তোলপাড়। মাত্র ১৭ বলে ফিফটি করেছেন এখনো বিশ না ছোঁয়া এই ব্যাটসম্যান। কিষানের দুর্দান্ত এক ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে ২১০ রান তুলেছে মুম্বাই ইন্ডিয়ানস।
২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত দলকে নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান কিষান। কিন্তু তাঁকে টপকে আলোটা কেড়ে নিয়েছেন আরেক বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। গত দুই আইপিএলেই মাঝে মাঝেই ঝড় তুলেছেন পন্ত। তবে ঝড় তোলায় এ তিনিও কম যান না সেটা এবারে তিনটি ম্যাচে দেখিয়েছেন কিষান। তবে আজ ছাড়িয়ে গেলেন আগের সব ইনিংসকে।
৯ ওভারে মাত্র ৬২ রান মুম্বাইয়ের। অপর প্রান্তে রোহিত শর্মা থাকার পরও আক্রমণের দায়িত্ব বুঝে নিলেন কিষান। দ্বিতীয় বলেই কুলদীপ যাদবকে ছক্কা। পরের ওভারে পীযূষ চাওলাকে সীমানা ছাড়া করলেন তিনবার। কিন্তু কিষানের সবচেয়ে ভয়ংকর রূপ দেখা গেল ১৪তম ওভারে। প্রথম দুই বলে মাত্র এক রান নিলেন রোহিত। তৃতীয় বলে কিষান এগিয়ে এলেন, সেটা দেখে যাদব ওয়াইড দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু কিষান ছাড়বেন কেন? ওই অবস্থাতেই জায়গা করে নিয়ে সুইপে ছক্কা। পরের বলটা মিড উইকেট দিয়ে উড়ে গেল। পরেরটা ছিল আরও বড় ছক্কা। লং অন দিয়ে উড়ে যাওয়া সেই শটেই পূর্ণ হলো কিষানের ফিফটি। মাত্র ১৭ বলে।
যাদবের শেষ বলে আরেক ছক্কা। এক ওভারে ২৫ রান দিয়ে সরে দাঁড়ালেন এই চায়নাম্যান বোলার। পরের ওভারে সুনীল নারাইনকে আরেক ছক্কা মেরে পরের বলেই অবশ্য আউট হয়ে গেছেন কিষান। ২১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬২ রান করে। মজার ব্যাপার এবারের আইপিএলে ১৭ বলে ফিফটির আগের ঘটনাটি করেছেন এই নারাইনই! আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম ফিফটি এটি। এ রেকর্ডে অবশ্য এ দুজনের সঙ্গী আরও চারজন।
কিষানের দেওয়া ভিত্তিটা শেষ দিকে দারুণ কাজে লাগিয়েছেন বেন কাটিং ও দুই পান্ডিয়া ভাই। শর্মা হতাশ করলেও (৩১ বলে ৩৬), বাকি তিনজনের ছোট ছোট অবদানই মুম্বাইকে দুই শ ছাড়ানো ইনিংস এনে দিয়েছে। তবে মূল কাজটা ১৭ বলে ফিফটি করা কিষানই করেছেন।
আইপিএলের ইতিহাসের দ্রুততম ফিফটি অবশ্য এখনো লোকেশ রাহুলের দখলে। এবার কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম ম্যাচেই ১৪ বলে ফিফটি করেছিলেন রাহুল। সেদিন তাঁর ইনিংসের ৪৮ রান অর্থাৎ ৯৪.১২ ভাগই এসেছিল বাউন্ডারি থেকে। আজ কিষান ৯০.৩২ ভাগ রান বাউন্ডারি থেকে তুলে এ তালিকার তিনে আছেন। প্রথম আছেন সুরেশ রায়না। ২০১৪ সালে পাঞ্জাবের বিপক্ষে ২৫ বলে ৮৭ রান তোলার পথে ৮৪ রানই (৯৬.৫৫ভাগ) চার-ছক্কা থেকে আদায় করেছিলেন রায়না।