১৭০ করতে হবে খুলনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশোকে দারুণ সহযোগিতা দিয়েছেন বোপারা। ফাইল ছবি
রুশোকে দারুণ সহযোগিতা দিয়েছেন বোপারা। ফাইল ছবি

রাতের ম্যাচে রান হবে। শিশির নাকি সন্ধ্যার পর সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ব্যাটসম্যানদের দিকে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এমনটাই জানিয়েছিলেন দিনের খেলা শেষে। গতকাল ঢাকা ডায়নামাইটসের ইনিংসও তেমনই ইঙ্গিত দিয়েছিল। দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংস বলছে, কথাটা মিথ্যা নয়। লো স্কোরিংয়ের জন্য বিখ্যাত হয়ে ওঠা মিরপুরের উইকেটে বেশ বড় স্কোরই গড়েছে রংপুর রাইডার্স। রাইলি রুশোর বুদ্ধিদীপ্ত ইনিংস তাদের এনে দিয়েছে ১৬৯ রানের সংগ্রহ।

রংপুরের শুরুটা ছিল গতকালের মতোই, হতাশা জাগানো। মেহেদী মারুফ আরও একবার হতাশ করে ফিরেছেন ১৩ বলে ৫ রান করে। অ্যালেক্স হেলস (১৫) ও মোহাম্মদ মিঠুনও (১৯) যখন ব্যর্থ হয়ে ফিরলেন, তখন আরেকটা লো স্কোরিং ম্যাচ উঁকি দিচ্ছিল। ১০ ওভার শেষে ৩ উইকেটে মাত্র ৬৬ রান ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল না। কিন্তু এক প্রান্তে রাইলি রুশো ঠান্ডা মাথায় অপেক্ষা করছিলেন সঙ্গীর জন্য। রবি বোপারাকে পেয়ে দলের ইনিংসকে প্রথমে থিতু করলেন দলকে। ১৫তম ওভারে দল এক শ পেরোনোর পর হাত খোলার সিদ্ধান্ত নিয়েছেন রুশো।

বলে বলে রান নিয়ে এগোচ্ছিলেন রুশো। ১৬তম ওভারে গিয়ে বুঝলেন হাত খোলার সময় হয়েছে। প্রথম দুই ওভারে মাত্র ১ রান দেওয়া আলী খানকে মারলেন টান দুই ছয়। সে দুই ছক্কায় হলো ফিফটি(৪০ বলে)। অন্যপ্রান্তে থাকা বোপারাও সাহস পেলেন আগ্রাসী হওয়ার। ব্রাফেট ও জহীর খানের পরের দুই ওভারে এসেছে ৩১ রান। ১৯তম ওভারে দুর্দান্তভাবে ফিরে এসেছেন শরিফুল ইসলাম। বাংলাদেশি এই তরুণ পেসার ওই ওভারে মাত্র ৩ রান দেওয়াতেই স্কোরটা ১৮০ পেরোয়নি।

আলী খানের শেষ ওভারে ১৭ রান নিয়ে খুলনাকে ১৭০ রানের লক্ষ্যকে দিয়েছেন রুশো ও বোপারা। ৮ চার ও ২ ছক্কায় ৫২ বলে ৭৬ রান করেছেন রুশো। ৩ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৪০ রান করেছেন বোপারা। পাকিস্তানে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের আলীর স্পেলও দুর্দান্ত থেকে রূপ নিয়েছে খরচেতে (৩৫/১)।