১৭২ পর্যন্ত গেল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ পেস বোলিংয়ে কলকাতা টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে শ্রীলঙ্কা। ছবি এএফপি।
দারুণ পেস বোলিংয়ে কলকাতা টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে শ্রীলঙ্কা। ছবি এএফপি।

৫ টেস্ট আর ৮ ইনিংস পর দুই শর আগেই অলআউট হলো ভারত। কলকাতা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই ভারতের বাকি ৫ উইকেট তুলে নিয়েছেন লঙ্কান পেসাররা। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ১৭২ রান করেছে বিরাট কোহলির দল।

বৃষ্টিতে প্রায় ভেসেই গিয়েছিল টেস্টের প্রথম দুই দিন। প্রথম দিন সুরাঙ্গা লাকমলের ৬ ওভারের এক বিষাক্ত স্পেলে ১৭ রানে ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। দ্বিতীয় দিন আরও ২ উইকেট হারানোর পর চেতেশ্বর পূজারা আর ঋদ্ধিমান সাহার ব্যাটেই ভরসা খুঁজছিল তারা।

আগের দিন ৪৭ রানে অপরাজিত থাকা পূজারা আজ দিনের শুরুতেই ফিফটি তুলে নেন। কিন্তু এর পরপরই তাঁকে ফিরিয়ে দিয়েছেন আগের দুই দিন কোনো উইকেট না পাওয়া লাহিরু গামাগে। ৭৯ রানে ৬ উইকেট হারালেও ভারত যে শেষ পর্যন্ত দেড় শর কোটা পেরিয়েছে, তার কৃতিত্ব টেল এন্ডারদের। শেষ পাঁচ ব্যাটসম্যানের চারজনই দুই অঙ্কের কোটা পেরিয়েছেন। যদিও প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে একমাত্র পূজারাই পেরিয়েছেন দুই অঙ্ক। সাহা, রবীন্দ্র জাদেজা আর শেষ দিকে মোহাম্মদ শামি মোটামুটি ব্যাট চালিয়ে খেললে স্কোরবোর্ডে ১৭২ রান তুলতে পেরেছে ভারত।

দারুণ বল করে ৪ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার লাকমল। গামাগে, দিলরুয়ান পেরেরা ও দাশুন সানাকা তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।