বৃষ্টিতে লাঞ্চের পর খেলা হয়নি ঘণ্টা দেড়েক। তার পরও প্রথম দিনটা পার করতে পারল না ওয়ালটন মধ্যাঞ্চল। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ৭৬.৪ ওভারে মাত্র ১৭৯ রানেই অলআউট হয়েছে দলটি। দিনের খেলার সমাপ্তিও ওখানে।
মধ্যাঞ্চলের শুরুটাই হয়েছিল বিপর্যয় দিয়ে। আবদুল মজিদ-রনি তালুকদার উদ্বোধনী জুটিতে ১৬ রান তুলে ফেলার পরই বিপর্যয়ের সূচনা। বিনা উইকেটে ১৬ থেকে মুহূর্তেই ৪ উইকেটে ২৩ মধ্যাঞ্চল। ৫৭ রানে পঞ্চম উইকেট হারানো দলটি ১৫০ পেরিয়েছে মেহরাব জুনিয়র (৪৩) ও মোশাররফ হোসেনের (৪৫) ব্যাটিংয়ে। ষষ্ঠ উইকেটে ৭৩ রান যোগ করেন মেহরাব-মোশাররফ। টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া পূর্বাঞ্চলের সেরা বোলার পেসার কামরুল ইসলাম (৩/৪৩)।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ৭৬.৪ ওভারে ১৭৯ (মোশাররফ ৪৫, মেহরাব জু. ৪৩; কামরুল ৩/৪৩, নাবিল ২/২৭, জায়েদ ৩/৪৩)।