১৮ বছরে প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড
২০০১ সালে ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর স্থগিত হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের পাকিস্তান সফর। এরপর অবশ্য ২০০২ ও ২০০৩ সালে পাকিস্তান গিয়েছিল কিউইরা। সেটিই শেষ।
মাঝে ছয় বছরে পাকিস্তানে সফর পড়েনি কিউইদের, আর ২০০৯ সালের পর তো পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেটই নির্বাসনে গিয়েছিল।
এবার ১৮ বছর পর আবারও পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। সেপ্টেম্বরে তিনটি ওয়ানডের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টির সিরিজের সূচি আজ নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানে যাওয়ার আগে ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড, খেলবে পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ। এ সিরিজের শেষ ম্যাচটি হওয়ার কথা ১০ সেপ্টেম্বর।
পাকিস্তান সফরে ব্ল্যাক ক্যাপদের প্রথম ওয়ানডে ১৭ সেপ্টেম্বর। এরপর ১৯ ও ২১ তারিখে হবে আরও দুটি ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে হবে পাঁচটি টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডিতে, টি-টোয়েন্টি ম্যাচগুলো লাহোরে।
শুরুতে তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে বাড়তি দুটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে দুই দল।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে। তবে সম্প্রতি বাংলাদেশসহ বেশ কিছু দল সেখানে সফরে যেতে শুরু করেছে। সর্বশেষ গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
এ বছর সীমিত ওভারের সিরিজের জন্য পাকিস্তান যাওয়ার কথা আছে ইংল্যান্ডের। এরপর এ বছরের শেষে যাবে ওয়েস্ট ইন্ডিজ, ২০২২ সালে যেতে পারে অস্ট্রেলিয়াও।
অবশ্য নিউজিল্যান্ডের এবারের পাকিস্তান সফরের সূচি সাংঘর্ষিক হয়ে পড়ছে আইপিএলের সঙ্গে। ভারতে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ আঘাত করার পর স্থগিত হয়ে যাওয়া আইপিএল আবারও শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে, সংযুক্ত আরব আমিরাতে।
নিউজিল্যান্ডের বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার আছেন আইপিএলে। কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক, ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসনও যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নিয়মিত সদস্য। তাঁদেরকে পাকিস্তান সফরে পাওয়া যাবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
অবশ্য দীর্ঘদিন বিরতির পর নিউজিল্যান্ডের সফর নিয়েই খুশি পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান, ‘দুটি বাড়তি টি-টোয়েন্টির প্রস্তাব নিউজিল্যান্ড ক্রিকেট গ্রহণ করেছে বলে আমি খুশি। এটি শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতেই কাজে লাগবে না, নিউজিল্যান্ড ক্রিকেটারদের পাকিস্তানে বাড়তি কদিন থাকার সুযোগও করে দেবে। ফলে তারা আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে উঠবে, আমাদের আতিথেয়তা গ্রহণ করবে।’
পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার পর নিজের মনোভাব জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও, ‘সে দেশের ঘরোয়া আন্তর্জাতিক মৌসুমের শুরুতে পাকিস্তান সফরে যেতে অধীর আগ্রহে অপেক্ষায় আমরা। ভারতের বাইরে প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ডই প্রথম পাকিস্তান সফরে গিয়েছিল। পিসিবির সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো। পাকিস্তানের কঠিন একটা সময়ের পর সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট আবারও হচ্ছে, এটা দারুণ একটা ব্যাপার।’
নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সূচি
১৭ সেপ্টেম্বর- ১ম ওয়ানডে, রাওয়ালপিন্ডি
১৯ সেপ্টেম্বর- ২য় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
২১ সেপ্টেম্বর- ৩য় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
২৫ সেপ্টেম্বর- ১ম টি-টোয়েন্টি, লাহোর
২৬ সেপ্টেম্বর- ২য় টি-টোয়েন্টি, লাহোর
২৯ সেপ্টেম্বর- ৩য় টি-টোয়েন্টি, লাহোর
১ অক্টোবর- ৪র্থ টি-টোয়েন্টি, লাহোর
৩ অক্টোবর- ৫ম টি-টোয়েন্টি, লাহোর