'কিপটে' শাদাবই পাকিস্তানের জয়ের নায়ক

৪-০-৭-৩, শাদাব খানের এই বোলিং ফিগারটা আরও ভালো হতে পারত। ব্যাকওয়ার্ড পয়েন্টে কামরান আকমল কাইরন পোলার্ডের সহজ ক্যাচটি মিস করেছেন বলে তা হয়নি। তাতে অবশ্য বিশ্ব রেকর্ড গড়া আটকে থাকেনি। টি-টোয়েন্টিতে অভিষেকে সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড গড়েছেন। ১৮ বছর বয়সী এই লেগ স্পিনারের অসাধারণ এই বোলিংয়েই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
ক্রিকেট দুনিয়ায় পাকিস্তান চিরকালই অননুমেয় এক দল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজও নাম লিখিয়েছে তাদের কাতারে। মাত্র এক বছর আগেই দোর্দণ্ড প্রতাপে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলটিকে কেমন যেন ছন্নছাড়া লাগছে এখন। কালও ছন্নছাড়া দেখাল। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১১১ রানে অলআউট তারা। এরপর কি ম্যাচের আর কিছু বাকি থাকে? কিন্তু অন্য দলটি যে পাকিস্তান! তাই এই ম্যাচেও আরও কিছু নাটক জমা ছিল। ১১২ রানের জয়ের লক্ষ্য খেলতে নেমে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে প্রতিদ্বন্দ্বিতাময় এক ম্যাচের ইঙ্গিত দেয় পাকিস্তান। তবে অভিজ্ঞ শোয়েব মালিক আর বাবর আজমের ব্যাট অবশ্য তা আর হতে দেয়নি। পাকিস্তানের ৬ উইকেটের জয়ে সবকিছু ছাপিয়ে আলোচনায় ১৮ বছর বয়সী শাদাব।
কালই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন। নেমেই বাজিমাত। নিজের প্রথম ৮ বলে ৩ উইকেট তুলে নিয়ে বড় এক ধাক্কা দিয়েছিলেন ক্যারিবীয়দের। সে ধাক্কা সামলাতে না পেরে ৪৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে কার্লোস ব্রাফেট আর কাইরন পোলার্ডের ৩৪ আর ১৪ রানের দুটি ইনিংসে সংগ্রহটা ভদ্রোচিত হয় ওয়েস্ট ইন্ডিজের। এর আগে এভিন লুইস ও চাদউইক ওয়ালটনের ব্যাট থেকে আসে যথাক্রমে ১০ ও ১৮ রান। শেষ দিকে জেসন হোল্ডার ১২ বলে করেন ১৪।
পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা এই লেগ স্পিনারকে মাঠে নামার আগেই নাকি তাঁর সতীর্থেরা সাবধান করেছিলেন। বলেছিলেন, ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেট এক জিনিস নয়। শাদাব সেটা আর বুঝতে দিলেন কই! কেনসিংটন ওভালে দুটিকে যে এক করে ফেললেন তিনি।
১১২ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে এসেছিল ২৫ রান। ১৩ রানে আহমেদ শেহজাদ প্রথম ফেরেন। এরপর দলীয় ৪০ রানে আউট হন কামরান আকমল (২২)। ৪৯ রানে মোহাম্মদ হাফিজ আউট হলে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে শোয়েব মালিক আর বাবর আজমের ৪৬ রানের জুটি বিপদমুক্ত করে দলকে। বাবর ২৯ রান করে আউট হলেও শোয়েব অপরাজিত থাকেন ৩৮ রানে। বাবর আউট হওয়ার পর অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে ২০ রানের একটা জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন শোয়েব। ২৭ রানে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার জেসন হোল্ডার।
অভিষেকেই এমন বোলিংয়ের রহস্য শাদাব জানিয়েছেন ম্যাচ শেষে, ‘এ বছর পাকিস্তান সুপার লিগ ভালো খেলেই আত্মবিশ্বাস অর্জন করেছি।’ দুর্দান্ত শুরুটা ধরে রেখে পাকিস্তানের হয়ে অনেক বছর খেলতে চান শাদাব, ‘আশা করি, অসাধারণ শুরুটাকে ধরে রাখতে পারব আমি। ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেটে ভালো অবদান রাখতে পারব।’ সূত্র: এএফপি।