১৮২ কেও মামুলি বানাল কুমিল্লা

>কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছিলেন রংপুর রেঞ্জার্সের ব্যাটসম্যানরা। কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যানদের সাফল্যের দিনে এই লক্ষ্য বেশ সহজেই অতিক্রম করেছে কুমিল্লা
ভানুকা রাজাপক্ষে, সৌম্য সরকার, সাব্বির রহমান ও ডেভিড মালান - কুমিল্লার টপ অর্ডার এই চার ব্যাটসম্যানকে নিয়েই। এই চার ব্যাটসম্যানের ব্যাটই হাসল আজকে। আর তাতেই রংপুরের দেওয়া ১৮২ রানের লক্ষ্য অনায়াসে পার করে ফেলল কুমিল্লা ওয়ারিয়র্স। রংপুরকে রেঞ্জার্সকে ছয় উইকেটে হারিয়েছে তারা।
ইনিংসের শুরুতে ব্যাট করতে নামেন রাজাপক্ষে ও সৌম্য। প্রথম উইকেট পড়ার আগে কুমিল্লার রান যে ৬ ওভারে ৬১ হলো, তার পেছনে লঙ্কান ব্যাটসম্যানটির ভূমিকা অনেক। ১৫ বলে চারটি চার ও দুই ছক্কার সাহায্যে ১৫ বলে ৩২ রান করেন তিনি। মোহাম্মদ নবীর বলে নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
সৌম্য সে তুলনায় একপ্রান্ত আগলে রেখেছিলেন, অত ঝড় তোলেননি। দ্বাদশ ওভারে মুকিদুল ইসলামের বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ হওয়ার আগে ৩৪ বলে ৪১ রান করেন তিনি। মেরেছেন পাঁচটি চার ও একটি ছক্কা। এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি সাব্বির রহমান। মোস্তাফিজুর রহমানের বলে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪০ বলে ৪৯ রান করেন সাব্বির। মেরেছেন তিনটি চার ও দুটি ছক্কা।
২৪ বলে ৪২ রান করে বাকি কাজটা সেরেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। দুটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। অধিনায়ক দাসুন শানাকা করেন ৭ বলে ১২ রান।
রংপুরের কোনো বোলারই তেমন ভীতিজাগানিয়া বল করতে পারেননি। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী, মুকিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও টমাস অ্যাবেল। ৪ ওভারে ৫৫ রান দিয়ে ইংলিশ অলরাউন্ডার লুই গ্রেগরি বলতে গেলে একাই ম্যাচটা কুমিল্লাকে ‘উপহার’ দিয়েছেন।
এর আগে মোহাম্মদ শেহজাদ, টমাস অ্যাবেল, লুই গ্রেগরি ও মোহাম্মদ নবী— এই চার বিদেশির ব্যাটের ওপর ভর করেই আজ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১৮১ রান তুলেছিল রংপুর রেঞ্জার্স। দেশীয় ব্যাটসম্যানরা প্রায় সবাই ছিলেন নিষ্প্রভ। ১৮১ রানের মধ্যে ১৩৩ রানই এই চারজন তুলেছিলেন।
তিন ম্যাচ খেলে এখনো পর্যন্ত জয়হীন রংপুর। ওদিকে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে আছে কুমিল্লা ওয়ারিয়র্স।