১৮৩-ও বাঁচাতে পারলেন না মাশরাফিরা

একটা জয় দলকে যে ছন্দটা এনে দিয়েছিল, তা আবারও হারিয়ে ফেলল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ ১৮৩ করেও ম্যাচ জিততে পারল না মাশরাফির দল। ব্যাট হাতে মোহাম্মদ নবীর ঝড় (২৪ বলে ৪৬) ৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় এনে দিল চিটাগং ভাইকিংসকে। এবারের বিপিএলে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।
অথচ মনে হচ্ছিল, দেরিতে হলেও ঘুম ভেঙেছে কুমিল্লার। দেরিতে হলেও অধিনায়ক মাশরাফির জাদু ফিরে আসছে। নবম ওভারটির কথাই ধরুন। মিনি মিটিংয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল, সাইফুদ্দিনকে সরিয়ে টেন ডেসকাটকে বোলিং দেওয়া হোক। ডেসকাট বোলিং মার্কও মেপে নিলেন। কিন্তু মাশরাফি তাঁকে সেখান থেকেই ফিরিয়ে বোলিং দিলেন সাইফুদ্দিনকে।
না, ডেন ডেসকাটই জাদুটা দেখালেন। তবে এক ওভার পর। অন্য প্রান্তে আক্রমণে এসেই টানা দুই ওভারে এই ডাচ অলরাউন্ডার ফেরালেন তামিম ইকবাল ও এনামুল হককে। কিন্তু না, মাশরাফি নয়; আজ যে দেখা যাওয়ার কথা ছিল নবীর জাদু।
আফগান এই অলরাউন্ডার যখন উইকেটে এলেন; চট্টগ্রামের কাজটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। শেষ ৬ ওভারে তুলতে হবে ৬৭ রান। প্রথমে শোয়েব মালিক (২৫ বলে ৩৮), পরে প্রায় একাই সেই কঠিন কাজটা মিলিয়ে দিলেন নবী। পাঁচটি চার মেরেছেন, দুই ছক্কা। ৩২ রানই এসেছে চার-ছক্কা থেকে।
আর তাতেই বৃথা গেছে খালিদ লতিফের ৫৩ বলে খেলা ৭৬ রানের দুর্দান্ত ইনিংসটি। সঙ্গে ইমরুল কায়েসের ৩৬, আহমেদ শেহজাদের ৪০ ১৮৩ রানের বড় পুঁজি এনে দিয়েছিল। কিন্তু তাতেও ৭ ম্যাচে ষষ্ঠ পরাজয় এড়াতে পারল না বর্তমান চ্যাম্পিয়নরা।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৮৩/৩ (নাজমুল ১৭, লতিফ ৭৬, ইমরুল ৩৬, শেহজাদ ৪০*, টেন ডেসকাট ৯*; মালিক ০/১৬, রাজ্জাক ০/২৮, নবী ০/৩৫, তাসকিন ১/৪৪, শহীদুল ০/৩৭, ইমরান ০/২১)।
চিটাগং ভাইকিংস: ১৯.২ ওভারে ১৮৬/৪ (তামিম ৩০, স্মিথ ২১, এনামুল ৪০, মালিক ৩৮, নবী ৪৬*, জহুরুল ১*; হাবিবুর ০/১৮, তানভীর ১/৩৩, মাশরাফি ১/৩৪, শরীফ ০/৩২, সাইফউদ্দিন ০/৪০, নাজমুল ০/১৩, টেন ডেসকাট ২/১৫)।
ফল: চিটাগং ভাইকিংস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নবী।