১৮৩ রানেই শেষ নিউজিল্যান্ড

বিশ্বকাপ ফাইনালের চাপটাই নিতে পারেনি নিউজিল্যান্ড। বড় উপলক্ষে মাঠে নামলে যে মানসিক দৃঢ়তার প্রয়োজন ম্যাককালাম, গাপটিলদের ব্যাটে সেটার অনুপস্থিতিই একপেশে করে দিল বিশ্বকাপ ফাইনালকে। অস্ট্রেলীয় বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৪৫ ওভারেই শেষ তাদের ইনিংস। স্কোর বোর্ডে উঠেছে মাত্র ১৮৩ রান।
উপলক্ষের ভারে নুইয়ে পড়া নিউজিল্যান্ড ব্যাটিংয়ের বিপরীতে আজ সারা দুনিয়ার ক্রিকেট দর্শক দেখল উপলক্ষকে অনুপ্রেরণা বানানো অস্ট্রেলীয় বোলিংয়ের ধার। টস হেরে মাঠে নেমেও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা যেভাবে প্রতিকূল কন্ডিশনকে নিজেদের আয়ত্তে নিলেন, সেটা এক কথায় দারুণ। মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউড যে শুরুটা এনে দিয়েছিলেন, সেটার পরিণতি দিয়েছেন জেমস ফকনার ও মিচেল জনসন। এই দুজন নিজেদের মধ্যে ৬ উইকেট ভাগাভাগি করেনিয়েই মূল সর্বনাশটা করেছেন কিউইদের।
শুরুটাই ছিল নিউজিল্যান্ডের জন্য বিপর্যয়কর। টসে জিতে ব্যাটিং নিতে একেবারেই দেরি করেননি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে দলকে বিপদেই ফেলেছেন তিনি। মিচেল স্টার্কের প্রথম ওভারেই বোল্ড হয়ে সাজঘরের দিকে হাঁটেন তিনি। আউট হওয়ার আগের দুটি বলে স্টার্ক তাঁর গতি দিয়ে ব্যাকফুটে ঠেলেছিলেন ম্যাককালামকে। তৃতীয় বলটিতে ম্যাককালাম দেখলেন তাঁর স্টাম্প ছত্রখান।
অধিনায়ককে প্রথমেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাসও বোধ হয় নড়ে গিয়েছিল। নয়তো মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের মতো দুই পারফরমার এমন খেলবেন কেন! দলীয় রান ৩৯ হতেই অধিনায়কের পথ অনুসরণ করলেন গাপটিল ও উইলিয়ামসন। ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন গাপটিল, উইলিয়ামসনকে কট অ্যান্ড বোল্ডের ফাঁদে ফেলেন মিচেল জনসন।
চতুর্থ উইকেট জুটি নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছিল। রস টেলর ও গ্রান্ট এলিয়ট চেষ্টা করেছিলেন দলের ব্যাটিংকে কক্ষপথে আনার। সে পথে অনেক দূর এগিয়েছিলেনও তাঁরা। নিজেদের মধ্যে গড়ে তুলেছিলেন ১১১ রানের দুর্দান্ত এক জুটি। চাপটা নিজেদের ওপর থেকে সরিয়ে অস্ট্রেলীয়দের ওপর যখন চাপিয়ে দিচ্ছিলেন, ঠিক তখনই জেমস ফকনারের আঘাত। তাঁর জোড়া আঘাতে নেই টেলর আর কোরি অ্যান্ডারসন। টেলর বিদায় নেন ৪০ রানে। অ্যান্ডারসন তো রানের খাতাই খুলতে পারেননি। ভালো কথা, আজ নিউজিল্যান্ডের চারজন ব্যাটসম্যান ‘শূন্য’ রানে ফিরেছেন। ব্যাটিং ব্যর্থতার এই ভয়াবহ মিছিলে অদ্ভুত বৈপরীত্য দেখিয়েছেন গ্রান্ট এলিয়ট। সেমিফাইনালে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছিলেন। সেমিতে যেখানে থেমেছিলেন আজ ফাইনালে যেন শুরু করেছিলেন সেখান থেকেই। আম্পায়ার কুমার ধর্মসেনার একটি এলবির সিদ্ধান্ত তাঁর বিপক্ষে গেলেও রিভিউয়ের কল্যাণে বেঁচে যান তিনি। আর বেঁচে ফিরেই খেলেছেন ৮৩ রানের ইনিংস। আজ নিউজিল্যান্ড ইনিংসের সর্বোচ্চ।
নিউজিল্যান্ড শেষ ৭ উইকেট হারিয়েছেন মাত্র ৩৩ রানে! অভাবনীয় ব্যাপার। পুরো কৃতিত্ব ওই জেমস ফকনার ও মিচেল জনসনের। সঙ্গে মিচেল স্টার্কেরও। কোরি অ্যান্ডারসনের সঙ্গে শূন্যের ঘানি টেনেছেন লুক রনকি, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
এই বিশ্বকাপেই আরও একবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কের সেই ম্যাচটাও ছিল লো স্কোরিং। সে ম্যাচে ১৫১ রানে অলআউট হয়েও অস্ট্রেলিয়া মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ফেলে দিয়েছিল নিউজিল্যান্ডের ৯টি উইকেট। জয়ের খুব কাছে এসেও পরাজয় সঙ্গী হয়েছিল অস্ট্রেলিয়ার। আজ মেলবোর্নে টিম সাউদি-ট্রেন্ট বোল্টরা কী অকল্যান্ডের মিচেল স্টার্ক হয়ে উঠতে পারবেন? এই প্রশ্ন এখন প্রায় সব নিউজিল্যান্ড সমর্থকদেরই।