১৯ ইনিংস পর রকিবুল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবরে প্রথম শ্রেণির ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরিটা পেতে পেতেও পাননি রকিবুল হাসান। ফতুল্লায় জাতীয় লিগের ম্যাচে ৯৯ রানে আউট হয়েছিলেন ঢাকা বিভাগের ব্যাটসম্যান। জাতীয় দলের বাইরে থাকা রকিবুল অবশেষে কাল অষ্টম সেঞ্চুরির দেখা পেলেন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে ওয়ালটন মধ্যাঞ্চলের রকিবুল সেঞ্চুরি পেলেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে।
২১৬ বলে ১১ চারে ১১৯ রান করে অপরাজিত আছেন রকিবুল। ১৯ ইনিংস পর সেঞ্চুরি পেলেন ৯টি টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর দল মধ্যাঞ্চল প্রথম দিন শেষে প্রথম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ৩২১ রান। তৃতীয় উইকেটে রকিবুলের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়া মার্শাল আইয়ুব আউট হয়েছেন ৮১ রানে। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া মার্শালের ১৪০ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছয়।
পাশের একাডেমি মাঠে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৮ উইকেটে ২৬৬ রান তুলেছে বিসিবি উত্তরাঞ্চল। উত্তরের ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান অধিনায়ক নাঈম ইসলামের। ক্রিকইনফোর হিসাবে এই ইনিংস খেলার পথেই প্রথম শ্রেণিতে ৬ হাজার রান পূর্ণ করেছেন নাঈম। কিন্তু ক্রিকেট আর্কাইভের হিসাবে আরও ৩ রান বাকি। তবে সংশয় নেই অলরাউন্ডার ফরহাদ হোসেনের ৬ হাজার রানের মাইলফলক পেরোনো নিয়ে। ২৩ রানের ইনিংস খেলার পথেই কাল বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান পেরিয়েছেন ফরহাদ।
উত্তরের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আরিফুল হক ও নয় নম্বর ব্যাটসম্যান মুক্তার আলীর। নবম উইকেটে সানজামুলকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে অপরাজিত ছিলেন মুক্তার।