১৯ বছর আগের 'শিক্ষাসফর'
>দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ ২০০১ সালে শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট দল প্রথম নিউজিল্যান্ড সফর করে টেস্ট মর্যাদা পাওয়ার আগেই। ১৯৯৭ সালের সেই সফর নিয়ে লিখেছেন নাইর ইকবাল
‘সেটি ছিল আমাদের কাছে শিক্ষাসফরের মতোই’—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম নিউজিল্যান্ড সফর নিয়ে এ কথাই বললেন গাজী আশরাফ হোসেন লিপু। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন ১৯৯৭ সালের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ দলের প্রথম নিউজিল্যান্ড–যাত্রার ম্যানেজার। সফরটি তাঁকে স্মৃতিকাতর করে তোলে। একই সঙ্গে আজ ১৯ বছর পর ভেবে অবাক হন কত অল্প প্রস্তুতি আর অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ দল সেই কঠিন সফরটি করেছিল।

১৯৯৭ সালের আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই প্রথম শ্রেণির ক্রিকেটের যোগ্যতাটাও অর্জন করে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরেই বাংলাদেশ পেয়েছিল প্রথম শ্রেণির ক্রিকেটের স্বাদ। দেশের ক্রিকেটে ভবিষ্যতে টেস্ট খেলুড়ে দেশ হওয়ার যে ইচ্ছেটা সে সময় সযত্নে লালিত হচ্ছিল, সেই ইচ্ছা বাস্তবায়নের পথে প্রস্তুতির প্রথম ধাপ ছিল এই নিউজিল্যান্ড সফরই। গাজী আশরাফ বললেন, ‘সফরটা নিয়ে আমাদের মধ্যে যে পরিমাণ রোমাঞ্চ ছিল, নিউজিল্যান্ডে গিয়ে ঠিক ততটাই কঠিন বাস্তবতার মুখোমুখি হই আমরা। নিউজিল্যান্ডে পা রেখেই বুঝতে পারি টেস্ট খেলা দেশ হতে চাই ঠিকই, কিন্তু সুযোগ-সুবিধায় আমরা কতটা পিছিয়ে আছি।’
নিউজিল্যান্ড সফরে তাদের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় খেলেছিল বাংলাদেশ। সে প্রতিযোগিতাটিতে একই সঙ্গে ওয়ানডে ও দীর্ঘ পরিসরের খেলা অনুষ্ঠিত হয়েছিল। শেল কনফারেন্স কাপ ছিল প্রথম শ্রেণির প্রতিযোগিতা, আর লিস্ট ‘এ’ মর্যাদা ছিল শেল শিল্ডের। গোটা প্রতিযোগিতায় সুখস্মৃতি বলতে আল শাহরিয়ারের একটি সেঞ্চুরি। আর ব্যক্তিগত পর্যায়ে কিছু বোলিং ও ব্যাটিং সাফল্য। ডানেডিনের ক্যারিসব্রুকে প্রথম শ্রেণির দল সাউদার্ন কনফারেন্সের বিপক্ষে শাহরিয়ার খেলেছিলেন ১০২ রানের একটি ইনিংস। এর বাইরে জাভেদ ওমর, আকরাম খান, সানোয়ার হোসেন, হাসানুজ্জামানের কয়েকটি ভালো ইনিংস ও হাসিবুল হোসেন, শফিউদ্দিন আহমেদ, সাইফুল্লাহ খান জেমদের কয়েকটি বোলিং পারফরম্যান্স ছাড়া পুরো সফরটিই ছিল বাংলাদেশের জন্য ভরাডুবির। প্রতিটি ম্যাচে হারতে তো হয়েছেই। প্রথম শ্রেণির ম্যাচগুলোর একটি বাদে সব কটিতেই হার আবার ইনিংস ব্যবধানে। এ সফরের উল্লেখযোগ্য দিক—আল শাহরিয়ারের সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেট ওটাই ছিল কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের প্রথম শতরান।
নিউজিল্যান্ডের প্রথম সফরে শীতটাই সবচেয়ে বেশি ভুগিয়েছিল বাংলাদেশ দলকে, উইকেটে বলের মুভমেন্ট ছিল গোটা দলের জন্যই অভাবনীয় এক অভিজ্ঞতা। সেই সঙ্গে বাতাস, তীব্র শীত। এশিয়ার বাইরে ১৯৯৭ সালেই বাংলাদেশ দল প্রথম খেলেছিল কেনিয়ায়। সেখানে ওয়ানডে খেললেও নিউজিল্যান্ডের অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন।
গাজী আশরাফ আরেকটি নতুন অভিজ্ঞতার কথা বললেন। বাংলাদেশের গতি বোলাররা সেই নিউজিল্যান্ড সফরের আগ পর্যন্ত কম বাউন্সের মন্থর উইকেটে বল করে অভ্যস্ত ছিল। কিন্তু সাতানব্বইয়ের নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের উইকেটে বল করে দারুণ আনন্দ পেয়েছিলেন তারা। বাউন্স তো ছিলই, সঙ্গে ছিল গতি আর সুইং। হাসিবুল হোসেন, শফিউদ্দিন আহমেদরা ব্যাপারটা উপভোগই করেছিলেন। কিন্তু অনভ্যস্ততার কারণে সমস্যার মুখোমুখিও তাদের হতে হয়েছিল।
কী ধরনের সমস্যা? গাজী আশরাফ বললেন, ‘সমস্যাগুলো ছিল নানামুখী। প্রথমত হাসিবুল-শফিরা কেউই দীর্ঘ পরিসরে বল করায় অভ্যস্ত ছিল না। তাদের ফিটনেসের সর্বোচ্চ পর্যায় ছিল ওয়ানডের ১০ ওভার। কিন্তু শেল কনফারেন্স কাপে তাদের ২০-২২ ওভার পর্যন্ত বল করতে হয়েছে। একটা ম্যাচে হাসিবুল ২২ ওভার বল করার পর পিঠের চোটে পড়ে যান। আমাদের সঙ্গে কোনো ফিজিও ছিল না সে সফরে। প্রতিপক্ষ দলের ফিজিও হাসিবুলকে পরীক্ষা করে অদ্ভুত একটা কথা বলেছিলেন আমাকে। বলেছিলেন হাসিবুলের পিঠের ডান দিকের পেশির তুলনায় বাম দিকের পেশি দুর্বল। ব্যাপারটা আর কিছুই নয়। বাংলাদেশের বোলারদের ফিটনেস সে সময় সীমিত ছিল ৫০ ওভারের ওয়ানডে ম্যাচেই।’
নিউজিল্যান্ডে দিন অনেক বড়। সেখানে সন্ধ্যাই হয় রাত ১০টায়। সে কারণে প্রথম শ্রেণির ম্যাচগুলোর দিনের দৈর্ঘ্য অনেক বেশি। বাংলাদেশে যেখানে এক দিনে সর্বোচ্চ ৯০ ওভারের বেশি বল করা যায় না, সেখানে নিউজিল্যান্ডে দলকে ফিল্ডিং করতে হয়েছিল ১১০-১১২ ওভার। সেটিও ছিল নতুন অভিজ্ঞতা। নিউজিল্যান্ডে যাওয়ার আগে ব্যাপারটি যে কতটা কঠিন সেটি নিয়ে বাংলাদেশ দলের নাকি কোনো ধারণাই ছিল না।
সেই সফরে এক একটি দলের বিপক্ষে খেলা হতো চার দিন। প্রথম দিনটিতে রঙিন পোশাকে হতো ওয়ানডে ম্যাচ। পরের তিন দিন হতো দীর্ঘ পরিসরের ম্যাচ—মজার ব্যাপার, সেটিও রঙিন পোশাকে। নর্দার্ন কনফারেন্সের বিপক্ষে প্রথম ম্যাচটি বাংলাদেশ খেলেছিল হ্যামিল্টনের ওয়েস্টপ্যাক পার্কে। ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর তিন দিনের ম্যাচটি ইনিংস ও ১৫১ রানে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশের দুটি ইনিংস ছিল ১২৫ ও ১৩২ রানের। সেন্ট্রাল কনফারেন্স, সাউদার্ন কনফারেন্স ও কেন্টারব্যুরির বিপক্ষে পরের ম্যাচগুলোতেও প্রায় একই অবস্থা। এর মধ্যে আল শাহরিয়ারের সেঞ্চুরির সুবাদে সাউদার্ন কনফারেন্সের সঙ্গে একটু লড়াই করেছিল বাংলাদেশ। সে ম্যাচেই ইনিংস হারের লজ্জা পেতে হয়নি দলকে। ফল ছিল ৭ উইকেটের হার। নিউজিল্যান্ড ক্রিকেট একাডেমির কাছেও ইনিংস ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।
জাভেদ ওমর বেশ ভালো খেলেছিলেন সে সফরে। ৪৮ ও ৮৯ রানের দুটি ইনিংস ছিল তাঁর। সানোয়ার হোসেনও খেলেছিলেন ৫৪ ও ৪৭ রানের দুটি ইনিংস। আকরাম খান কয়েকটি ম্যাচেই আরও লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন দলকে। সফরের শেষ ম্যাচে মেহরাব হোসেন খেলেছিলেন ৮১ রানের একটি ইনিংস। বল হাতে স্পিনার সাইফুল্লাহ জেম, হাসিবুল হোসেন ও শফিউদ্দিন আহমেদ উইকেট পেয়েছিলেন নিয়মিতই।
১৯ বছর পর আরও একটি নিউজিল্যান্ড সফর। এই ১৯ বছরে কত পরিবর্তন! ওয়ানডেতে শক্তি হয়ে ওঠা, কিংবা টেস্টে সমানে সমান লড়াই করতে শেখা। এর মধ্যে হয়ে গেছে নিউজিল্যান্ডে আরও তিনটি সফর। উনিশ বছর আগের সফরের মতো এতটা কঠিন হয়তো হবে না, কিন্তু তারপরও এই সফর কিন্তু ঠিকই চ্যালেঞ্জ জানাবে। সেই চ্যালেঞ্জ উতরাতে পারবে বাংলাদেশ?