১৯ বছর পর 'দুঃখ প্রকাশ' সেলিম মালিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিনে দুঃখ প্রকাশ করলেন সেলিম মালিক। ফাইল ছবি
এত দিনে দুঃখ প্রকাশ করলেন সেলিম মালিক। ফাইল ছবি

পুরোনো পাপের কথা প্রকাশ্যে এসেছে আবারও। ম্যাচ পাতানোর দায়ে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন সেলিম মালিক। পরে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার হলেও ততদিনে মাঠে ফেরার দিন তাঁর শেষ হয়ে গেছে। অতীতের ভুলের জন্য এত দিন পর দুঃখ প্রকাশ করলেন সেলিম মালিক। এমনকি নিজের কৃতকর্মের সবকিছু প্রকাশ করতেও তিনি রাজি।   

 রোববার এক ভিডিও বার্তায় ম্যাচ পাতানো–কাণ্ডে আজীবন নিষিদ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিক বলেছেন, '১৯ বছর আগে আমি যা করেছিলাম সেটির জন্য খুবই দুঃখিত। এ ব্যাপারে আইসিসি ও পিসিবিকে আমি নিঃশর্তভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে তৈরি।'

১৯৮২ থেকে ১৯৯৯, ১৭ বছরে ১০৩ টেস্ট আর ২৮৩ ওয়ানডে খেলেছেন মালিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ১৯৯৫ সালে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফরের সময় সেলিম শেন ওয়ার্ন, মার্ক ওয়াহ এবং ও টিম মেকে ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে তিন অস্ট্রেলিয়া তারকা খারাপ খেলেন।  তিন বছর ধরে তদন্ত শেষে ২০০০ সালে কাইয়ুম কমিশন আজীবন নিষেধাজ্ঞা দেয় তাঁর বিরুদ্ধে। আশি ও নব্বইয়ের দশকে সেলিম মালিককে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই ধরা হতো।

 মালিকের বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞার নির্দেশ পাকিস্তানের নিম্ন আদালতে বাতিল হয় ২০০৮ সালে। তাতেও পাপমোচন হয়নি তাঁর। ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতেই তাঁকে জায়গা দিতে রাজি নয় আইসিসি ও পিসিবি। ২০০৮ সালে হতে চেয়েছিলেন পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমির কোচ। ২০১২ সালে পাকিস্তানের ব্যাটিং কোচ হওয়ার আবেদন করেছিলেন মালিক।  দুবারই তাঁকে উপেক্ষা করে পিসিবি। কেন তাঁর জন্য ক্রিকেট বোর্ডের দুয়ার বন্ধ, সেটির ব্যাখ্যায় দুদিন আগে পিসিবির একটি সূত্র জানিয়েছে, সেলিম মালিক নিজের কর্মের ব্যাখ্যা বোর্ডকে কখনোই দিতে রাজি হননি।

মালিকের পাল্টা প্রশ্ন, ম্যাচ পাতানোর দায়ে পাকিস্তানের অনেক নিষিদ্ধ খেলোয়াড় পরে ক্রিকেটীয় কার্যক্রমে ফিরতে পেরেছেন, তিনি কেন পারবেন না? ৫৭ বছর বয়সী পাকিস্তানের সাবেক এ ব্যাটসম্যানের যুক্তি, 'মোহাম্মদ আমির, সালমান বাট, মোহাম্মদ আসিফ ও শারজিল খান খেলার সুযোগ পেয়েছে (নিষেধাজ্ঞার পর)। সেখানে আমি উপেক্ষিতই থেকে গেছি। খেলোয়াড়দের কোচও হতে পারিনি।'